গ্রিন রোডের অর্ধেকজুড়ে বর্জ্যের স্তূপ, যানজট

নাক না চেপে হাঁটা যায় না। ফুটপাত ও সড়কজুড়ে বর্জ্য জড়ো করা। চারপাশ দুর্গন্ধময়। আশপাশের বাসিন্দারা অভিযোগ করলেও কাজ হয়নি। গ্রিন রোডের সরকারি কর্মচারীদের আবাসিক এলাকার সামনে প্রতিদিন বর্জ্য স্তূপ করে রাখা হয়। এতে সড়কের অর্ধেকটা দখল হয়ে যাওয়ায় যানজটও সৃষ্টি হচ্ছে।
পান্থপথ থেকে নিউমার্কেটের দিকে যেতে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো পাশে বেশ অনেকটা জায়গাজুড়ে বর্জ্য ফেলা হয়। প্রতিদিন দুপুরের পর বিভিন্ন জায়গা থেকে বর্জ্য নিয়ে রিকশাভ্যান আসে। গভীর রাত পর্যন্ত এগুলো সরানোর কাজ হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টারের সামনে অনেক বর্জ্যবাহী রিকশাভ্যান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কনটেইনারবাহী বর্জ্যের গাড়ি এসেছে। পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে বর্জ্য তুলতে ব্যস্ত। সড়কের অর্ধেকটাজুড়ে এ কর্মযজ্ঞ চলছে।
গ্রিন রোডে বাস-ট্রাক বাদে প্রায় সব ধরনের যানবাহন চলে। সদা ব্যস্ত থাকে সড়কটি। আশপাশের সড়কগুলোতে রিকশা চলাচলে বিধিনিষেধ থাকায় এই সড়কে অসংখ্য রিকশা চলে। সামনেই পান্থপথ সিগন্যাল। একটু পরপর সেখানে যানবাহনগুলোকে থামতে হয়। বিকেল থেকে এই সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। বর্জ্যের ভ্যান ও গাড়ি থাকায় সড়কটিও সরু হয়ে গেছে। অপরদিকে হাসপাতাল, যানবাহন ও মানুষের চাপে বিশৃঙ্খল অবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টারের এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘আমাদের কমিটির কাছে কমপ্লেইন করেছি। কাজ হয় নাই।’ আরেক বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, এই আবর্জনার কারণে চারদিকে দুর্গন্ধ ছড়ায়।
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী চান মিয়া দীর্ঘদিন ধরে এখানে বর্জ্য তোলার কাজ করেন। তিনি বলেন, সিটি করপোরেশনের অধীনেই এখানে বর্জ্য ফেলা ও তোলার কাজ হয়। রাতের মধ্যে সব শেষ হয়ে যায়।
এখানে ফুটপাতের পুরোটাতেই বড় বড় বস্তার স্তূপ বেঁধে রাখা। ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই। এখানে ভাসমান মানুষের বসতিও আছে। গতকাল দেখা যায়, ত্রিপল টানিয়ে ফুটপাতের ওপর বসতি গড়েছে এক পরিবার। মাটির চুলায় সেখানে বসেই রান্না করছে।
সড়কের ওপর বর্জ্য এনে স্তূপ করার ব্যাপারে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম বলেন, ‘ময়লা কোনো না কোনো জায়গায় ফেলতে হবে। বিকল্প জায়গা তো পাচ্ছি না।’ তিনি আরও বলেন, ৪০ থেকে ৫০টি বর্জ্য রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি হচ্ছে। তখন সড়কের ওপরে কোনো বর্জ্যের গাড়ি থাকবে না।