গ্রিন রোডের কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্ম যেন ভোগবাদের স্রোতে গা ভাসিয়ে না দেয়, যুক্ত থাকে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে, সে লক্ষ্য নিয়েই যাত্রা শুরু পাঠাগারটির। টানা আট বছর চলে ঠিকঠাক। এরপর গত বছর (২০১৬) ঘটে ছন্দপতন। বদল করতে হয় ঠিকানা। এর জেরে পাঠাগারটির বাতি এখন নিবু নিবু। তবে সংগঠকদের আশা, অচিরেই মূল ঠিকানায় ফেরত যাওয়া সম্ভব হবে। আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে পাঠাগারটি।
পাঠাগারটির নাম ‘কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি পাঠাগার’। ঠিকানা ৩৭ আল আমিন রোড। গ্রিন রোড এলাকার এই বাড়িটার কাছে থাকতেন প্রখ্যাত বামপন্থী নেতা কমরেড মণি সিংহ। আর মণি সিংহের কাছের মানুষ আরেক বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ।
মূলত এই দুই নেতার স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে তাঁদের নামে পাঠাগারটির প্রতিষ্ঠা। শুরুতে ভূমিকা রেখেছিলেন সিপিবি, ন্যাপসহ কয়েকটি বামপন্থী দলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। পাঠকদের বড় অংশটিও ছিলেন তাঁরাই। এর বাইরে প্রগতিশীল মানসিকতার সাধারণ পাঠকেরাও ছিলেন।
পাঠাগারের সাধারণ সম্পাদক শংকর আচার্য বৃহস্পতিবার ১৮৯ গ্রিন রোডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বসে বলছিলেন গোড়ার কথা। তিনি বলেন, পাঠাগারটির উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ফজলে রাব্বী, লালন গবেষক আবদেল মান্নান, ক্রীড়া সংগঠক সৌমেন পোদ্দার, বাম রাজনীতিক দিবালোক সিংহ, ডা. সাকি খন্দকার, আতিকা খাতুনের মতো বিশিষ্টজনেরা।
এই পাঠাগারে বইয়ের সংখ্যা ছিল তিন শর মতো। মণি সিংহ, সত্যেন সেন, জিতেন ঘোষ, আরজ আলী মাতুব্বরের বই তো ছিলই; এ ছাড়া ছিল সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও শিশুসাহিত্যের বই। নিবন্ধিত পাঠক ছিলেন ৬১ জন। বই সংগ্রহ, জমা নেওয়া, জমা দেওয়া—সবই চলত।
আলাপে জানা গেল, মূল ঠিকানার বাড়িটি ভেঙে বহুতল ভবনের কাজ চলছে। এ অবস্থায় গত বছর পাঠাগারটির বুকশেলফ এবং বই ও অন্য জিনিসপত্র বস্তাবন্দী করে রাখা হয়েছে রায়েরবাজারের সুলতানগঞ্জ রোডের একটি বাড়িতে। সেই থেকে প্রায় বন্ধ আছে পাঠাগারের কাজকর্ম।
পাঠাগারটির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে এর অন্যতম উদ্যোক্তা কমরেড মণি সিংহর ছেলে, বেসরকারি প্রতিষ্ঠান ডিএসকের প্রধান দিবালোক সিংহ বলেন, এই পাড়ার ছোট ছোট খেলাঘর কর্মীদের সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরির কথা চিন্তা করে পাঠাগারটি করা হয়। সমাজে বিজ্ঞানমনস্কতা, প্রগতিশীল চিন্তা ও কর্মের প্রতিষ্ঠার লক্ষ্যে পাঠাগারটির প্রতিষ্ঠা। পাঠাগারটি তার কাজ অব্যাহত রেখেছে।
একটি পরিচালনা কমিটির অধীনে চলছে পাঠাগারটি। পাঠাগারটি সরকারের গণগ্রন্থাগারের নিবন্ধিত। তবে জাতীয় গ্রন্থকেন্দ্র বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাহায্য-সহযোগিতা পায়নি।
এ রকম একটি পাঠাগার, যার সঙ্গে প্রগতিশীল মানুষ যুক্ত, সেটি আরও আগে কেন করা হলো না, এ প্রশ্নের জবাবে সভাপতি খোদাদাদ আহমেদ বললেন, এ দেশের বামপন্থী, মুক্তমনাদের অনেকেই খেলাঘর, উদীচীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই কার্যক্রমের ধারাবাহিকতা থেকেই পাঠাগারটির প্রতিষ্ঠা।
তবে পাঠাগারটি বন্ধ রয়েছে, এ কথা মানতে চান না খেলাঘর আন্দোলনের এই প্রবীণ কর্মী। তাঁর মতে, কার্যক্রম একভাবে চালু আছে। তিন মাসের মধ্যে আবার মূল ঠিকানায় চালু করা যাবে পাঠাগারটি, এ রকমই আশা খোদাদাদ আহমেদের। এর মধ্যে তিনি বেশ কিছু নতুন বইও কিনেছেন বলে জানালেন।