গ্রিনপিসের জাহাজে উপকূলে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনপিসের জাহাজ ‘রেইনবো ওয়ারিয়র-২’ তো তাদের ইতিহাসেরই অংশ। সাগরের বুকে পরিবেশবিষয়ক অপরাধের বিরুদ্ধে যুঝেছে এ জাহাজ। পারমাণবিক আগ্রাসন থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকজনকে নিরাপদ রাখতে ফ্রান্সের বিরুদ্ধে গ্রিনপিস লড়েছে এ জাহাজে করেই। ২০০৪ সালে ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের উপকূলে সুনামি-আক্রান্ত মানুষের সাহায্যে ছুটে গেছে এ জাহাজ। দুই যুগের বেশি সময় ধরে এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে ছুটে পরিবেশ সুরক্ষায় সোচ্চার থেকেছে রেইনবো ওয়ারিয়র-২। গত ফেব্রুয়ারি বন রক্ষার প্রচারণায় হংকং অভিযাত্রা শেষে সমাপ্তি ঘটেছে আলোচিত জাহাজটির সমুদ্রজীবন।কিন্তু পরিবেশবাদী সংগঠনটি জাদুঘরে না পাঠিয়ে জাহাজটি দিচ্ছে ফ্রেন্ডশিপ বাংলাদেশকে। গ্রিনপিসের ইতিহাসে তাদের বহরের কোনো জাহাজ কারও হাতে তুলে দেওয়ার নজির এই প্রথম। মানুষকে স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিচরণ করবে জাহাজটি। সাধারণত, মেয়াদ শেষে জাহাজটিকে জাদুঘরে পাঠানোর রেওয়াজ ভেঙে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপকে কেন দেওয়া হলো, তা জানতে চাওয়া হয়েছিল পরিবেশবাদী সংগঠনটির কাছে। গত রোববার ই-মেইলে প্রথম আলোকে পাঠানো জবাবে গ্রিনপিসের পরিচালন বিভাগের পরিচালক উলরিখ ভন এইতজেন বলেন, ‘এক মহাদেশ থেকে আরেক মহাদেশে জাহাজটি ছুটে চলেছে মানুষের জীবন বাঁচাতে, কিন্তু জাদুঘরে রাখা হলে তো এটি শুধু ইতিহাসের সাক্ষ্য বহন করবে। এমন এক প্রেক্ষাপটে আমাদের কাছে প্রস্তাব এল বাংলাদেশের ফ্রেন্ডশিপের। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম।’ফ্রেন্ডশিপের প্রস্তাবটি তাঁদের কাছে কীভাবে গেল, জানতে চাইলে এইতজেন বলেন, রেইনবো ওয়ারিয়র-৩ তৈরির বিষয়টি আলোচনায় এলে রেইনবো ওয়ারিয়র-২ ফ্রেন্ডশিপকে দেওয়ার প্রস্তাব করেন ললিতা রামদাস। তিনি গ্রিনপিস ইন্টারন্যাশনাল বোর্ডের সাবেক সভাপতি।ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘সমুদ্র উপকূলের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমুদ্রগামী জাহাজ সংগ্রহের কথা ভাবছিলাম। ঠিক সে সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন রেইনবো ওয়ারিয়র-২-এর সাবেক ক্যাপ্টেন অ্যালান কোনান। তিনি জাহাজটি পেতে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন।’ তিনি আরও বলেন, ‘জাহাজটি পাওয়ার পর আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে চার থেকে পাঁচ মাস লাগবে। আশা করছি, আগামী শীতের আগেই কাজ শুরু করতে পারব। কুতুবদিয়া, সেন্ট মার্টিন, টেকনাফের উপকূলে কাজ করার পাশাপাশি জাহাজটি নিয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় মিয়ানমার ও পশ্চিমবঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।’সিঙ্গাপুরে হস্তান্তর অনুষ্ঠান: আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দুইটায় রিপাবলিক অব সিঙ্গাপুর ইয়েট ক্লাব হারবারে আনুষ্ঠানিকভাবে জাহাজটি ফ্রেন্ডশিপ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। ললিতা রামদাস ফ্রেন্ডশিপ বাংলাদেশের নির্বাহী পরিচালক রুনা খানের কাছে জাহাজটি হস্তান্তর করবেন। সিঙ্গাপুর থেকে আগামী মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে রেইনবো ওয়ারিয়র-২। বাংলাদেশে এর নাম হবে ফ্রেন্ডশিপ রংধনু।