সিলেট শহরতলির খাদিমপাড়ার বাহুবল আবাসিক এলাকায় টিলা কেটে মাটি বিক্রির ঘটনা প্রমাণিত হওয়ায় গ্রিনল্যান্ড হাউজিংয়ের এমডি খন্দকার কামরুজ্জামান ওরফে আনোয়ার খন্দকারকে ২১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক আনোয়ার খন্দকারকে ঢাকায় তলব করে নিয়ে জরিমানার টাকা আদায় করা হয়।পাশাপাশি আগামী ২৬ মার্চের মধ্যে কাটা টিলা ভরাট করে বনজ ও ফলদ গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনিভাবে পাহাড়-টিলা কাটায় আবাসন কোম্পানিকে অবৈধ ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে বলা হয়েছে।১০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘টিলা কেটে মাটি বিক্রি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন সূত্রে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী গত বৃহস্পতিবার ওই টিলায় অভিযান চালিয়ে প্রতিবেদনের সত্যতা পান। গতকাল বিকেলে পরিবেশ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তলবি নোটিশ পেয়ে আনোয়ার খন্দকার উপস্থিত হয়ে জানান, তিনি এই টিলা অনেক আগেই বিক্রি করেছেন এবং বর্তমানে তিনি কোনো হাউজিং কোম্পানি বা ভূমির মালিক নন। বর্তমানে খুবই নিঃস্ব। কিন্তু তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করা হলে পরবর্তী সময়ে লিখিতভাবে টিলা কাটার অপরাধ স্বীকার করেন এবং জরিমানা পরিশোধ ও পরিবেশ আইন মেনে চলার অঙ্গীকারনামা প্রদান করেন।জরিমানা আদায় ছাড়াও গ্রিনল্যান্ড হাউজিং নামক অবৈধ আবাসন প্রকল্পের সব কার্যক্রম বন্ধ এবং উক্ত পাহাড়-টিলার বেআইনিভাবে শ্রেণী পরিবর্তন, ভূমি মালিকানার পরিবর্তন ও হস্তান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক, সিলেটকে পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আবাসন প্রকল্পের প্লট কেনা থেকে বিরত থাকার জন্য সিলেটের অধিবাসীসহ সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।এনফোর্সমেন্ট মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবাসন প্রকল্পটি বেআইনি। পাহাড়-টিলা কেটে প্রকল্প তৈরি করা হয়েছে বিধায় প্লট গ্রহীতাদের নামে নামজারি হওয়ার কোনো অবকাশ নেই। এ ছাড়া পাহাড়-টিলাটিকে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ মোতাবেক মাটি ভরাট করে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনা হলে আবাসন প্লটের অস্তিত্ব থাকবে না। জনসাধারণকে এ ধরনের অবৈধ আবাসন প্রকল্প থেকে সতর্ক থাকতে হবে।’