গ্রিল কেটে কলেজের ২৯ কম্পিউটার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাইবার সেন্টারের গ্রিল কেটে গতকাল শনিবার দিবাগত রাতে ২৯টি কম্পিউটারের মনিটর, মাদারবোর্ড ও হার্ডডিস্ক চুরি হয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এ ঘটনায় আজ রোববার সকালে কলেজের তিন নৈশপ্রহরীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্তে সাত সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০০৮ সালে ২৯টি কম্পিউটার নিয়ে কলেজের গণিত বিভাগের দ্বিতীয় তলায় সাইবার সেন্টারটি চালু হয়। এই সেন্টারে কম্পিউটার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করতেন শিক্ষার্থীরা।

সাইবার সেন্টারের দায়িত্বরত শিক্ষক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নূরুল আলম প্রথম আলোকে জানান, শনিবার বিকেল পর্যন্ত সাইবার সেন্টারে শিক্ষার্থীরা কাজ করেছে। এরপর বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়। ওই সময় কলেজ প্রাঙ্গণে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে দায়িত্বরত রোভার স্কাউট সদস্যরা তিন দিন ধরে সাইবার ভবনের নিচতলায় দুটি কক্ষে ছিলেন। ধারণা করা হচ্ছে, সবাই যখন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখনই কোনো এক ফাঁকে চুরির ঘটনা ঘটেছে।

আজ সকালে সরেজমিন দেখা যায়, তিনতলা ভবনটির দ্বিতীয় তলায় সাইবার সেন্টারটি। কক্ষের সঙ্গে একটি বারান্দা। এই বারান্দার গ্রিল কেটেই ভেতরে ঢোকা হয়েছে। কম্পিউটারগুলোর সিপিইউ খুলে বের করা হয়েছে মাদারবোর্ড ও হার্ডডিস্ক। কক্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সিপিইউ এর খালি বক্সগুলো। মনিটর রাখা টেবিলগুলো সব ফাঁকা।

কলেজের অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বিষয়টি টের পেয়ে আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। আমরা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

অধ্যক্ষ বলেন, কলেজের ইতিহাস বিভাগের প্রধান পরিতোষ চন্দ্র দাসকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদন পেলে ঘটনা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে।

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সাইবার সেন্টারটি সিলগালা করে দিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য কলেজের তিন নৈশপ্রহরীসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের থানাহাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব শিগগির ঘটনায় জড়িত ব্যক্তিরা শনাক্ত হবে।’