গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, গ্রেপ্তার ২
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূবালী ব্যাংকের স্থানীয় শাখার ভবনে গত শুক্রবার রাতে জানালার গ্রিল কেটে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মনিরুল ইসলাম (৩০) ও মো. সুমন (২৮)৷
শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসাইন বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ব্যাংকের নৈশপ্রহরী আবদুল লতিফ নামাজ পড়ছিলেন। এ সময় একটি সংঘবদ্ধ চোরের দল ব্যাংকের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। পাশের একটি ভবনের ছাদ থেকে ব্যাংকের জানালা খোলা দেখে স্থানীয় দুই যুবকের সন্দেহ হয়। তাঁরা এগিয়ে এসে চিৎকার শুরু করলে চোরের দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মনিরুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়৷ পরে মনিরুলের দেওয়া তথ্য অনুযায়ী সুমনকে গ্রেপ্তার করা হয়৷