গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ৪
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পূবালী ব্যাংকের স্থানীয় শাখার ভবনে গতকাল শুক্রবার রাতে জানালার গ্রিল কেটে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে সংঘবদ্ধ একটি চক্র। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন সংঘবদ্ধ চক্রের সদস্য মনিরুল ইসলাম (৩০) ও মো. সুমন (২৮)। এ ছাড়া গলাচিপার খেয়াঘাট এলাকার আবাসিক হোটেল সৌরভের মালিক রামকৃষ্ণ পাল ও কর্মচারী মো. সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
প্রথম আলোকে দেওয়া পূবালী ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসাইনের ভাষ্য, গতকাল রাতে ব্যাংকের নৈশপ্রহরী আবুল লতিফ শবে বরাতের নামাজ আদায় করছিলেন। এই সুযোগে রাত সাড়ে নয়টার দিকে চোরের দলটি ব্যাংকের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে যায়। পাশের একটি ভবনের ছাদ থেকে ব্যাংকের জানালা খোলা দেখে স্থানীয় দুই যুবকের সন্দেহ হয়। তাঁরা এগিয়ে এসে চেঁচামেচি শুরু করলে চোরের দলটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মনিরুল নামের একজনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গলাচিপা পৌরসভার খেয়াঘাট এলাকার হোটেল সৌরভ থেকে সুমন নামের আরও একজনকে পুলিশ আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে জানান, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকালে হোটেল সৌরভের মালিক রামকৃষ্ণ পাল ও কর্মচারী সোহাগকে আটক করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল ও সুমনের কাছ থেকে জানা গেছে, চোরের দলটিতে মোট চারজন সদস্য ছিলেন।’ আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূবালী ব্যাংকের গলাচিপা শাখা পরিদর্শন করেছেন।
ওসি শিশির কুমার পাল বলেন, ‘মনিরুলের বাড়ি খুলনার তেরখাদা ও সুমনের বাড়ি বরিশাল সদরে। তবে সুমন ঢাকার অদূরে আশুলিয়ায় থাকেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’