গ্রিস সরকারকে সে দেশে হামলার শিকার বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত ইউরোপের সর্বোচ্চ মানবাধিকারবিষয়ক আদালত। ২০১৩ সালে বকেয়া বেতনের দাবি তুললে গ্রিসের কয়েকজন স্ট্রবেরি খামার মালিক ওই শ্রমিকদের ওপর গুলি চালান। এ ঘটনায় ৩৫ জন আহত হন। এ নিয়ে মানবাধিকারবিষয়ক আদালতে যান ৪২ জন বাংলাদেশি শ্রমিক। রায়ে আদালত গ্রিস সরকারকে শ্রমিকদের জনপ্রতি ১২ হাজার থেকে ১৬ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর আগে গ্রিসের একটি আদালত এ ঘটনায় হওয়া মামলায় দুই আসামিকে খালাস দেন। গুরুতর আক্রমণ এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সেই আদালত অন্য দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপরই স্ট্রাসবুর্গের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদী মোরশেদ চৌধুরী আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন। গার্ডিয়ান