গ্রিসে নিহত ১০ বাংলাদেশির লাশ আজ স্বজনদের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসে নিহত ১০ বাংলাদেশি শ্রমিকের লাশ আজ মঙ্গলবার তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হবে। গত তিন দিনে তিন দফায় মৃতদেহগুলো ঢাকায় আনা হয়েছে। নিহত ১০ বাংলাদেশির লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের হিমঘরে সংরক্ষিত রয়েছে। প্রসঙ্গত, লিবিয়ায় কর্মরত ভাগ্য বিড়ম্বিত ওই ১০ বাংলাদেশি জাহাজে চড়ে ত্রিপোলি থেকে গ্রিসে আসার পথে সাগরে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু গ্রিসের উপকূলে পৌঁছার আগেই তাঁরা মারা যান। নিহত ব্যক্তিরা হলেন—বরিশাল জেলার গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের মোহাম্মদ আজিজের ছেলে মনির, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান মুন্সীর ছেলে মাহবুবুর রহমান, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকার ইউনুছ মাতব্বরের ছেলে সম্রাট, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চড়ারচর গ্রামের সিয়ামপদ পালের ছেলে ভীম কুমার পাল, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আটলাপুর গ্রামের আলিম উদ্দীনের ছেলে মোহাম্মদ ফরিদ, নরসিংদী জেলার পলাশ উপজেলার সিন্দুর গ্রামের আকতারুজ্জামানের ছেলে জাহিদ হাসান ও একই জেলার পলান ডাঙ্গিবাজারের মাজির উদ্দিনের ছেলে রুহুল আমিন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধালাপাড়া গ্রামের মৃত জীবনের ছেলে রঞ্জিত, শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার ফন্নু শেখের ছেলে আরিফ হোসেন ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে রুবেল। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মাফরুহা সুলতানা গতকাল নিহত ব্যক্তিদের পরিবারের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লাশগুলো পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হবে।