গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের ক্রীতদাসের জীবন!

বেতন চাইতে গিয়ে খেতে হয়েছিল গুলি। সেই ঘটনার পর কেটে গেছে ১৬ মাস। কিন্তু পরিস্থিতি সেই আগের মতোই। এখনো মানবেতর পরিবেশে খেয়ে না-খেয়ে ক্রীতদাসের মতো পরিশ্রম করছেন তাঁরা। গ্রিসে এমন কর্মরত বাংলাদেশি শ্রমিকেদের কাছে এখন এটাই ‘কাগজপত্রবিহীন’ মানুষের নিয়তি।
গ্রিসের পশ্চিমাঞ্চলীয় নি ম্যানোলাদা শহরের একটি স্ট্রবেরি খামারে কাজ করেন বাংলাদেশি যুবক টিপু চৌধুরী। মৌসুমে খামার থেকে স্ট্রবেরি তোলাই তাঁর কাজ। ভাগ্য বদলের আশায় ২০০৭ সালের নভেম্বরে অবৈধভাবে গ্রিসে যান তিনি। কিন্তু ভাগ্য বদল তো দূরের কথা, সেই থেকে দুঃসহ জীবন কাটছে তাঁর। খবর দ্য গার্ডিয়ানের।
টিপু যে খামারে কাজ করেন, তার মালিক গ্রিক ব্যবসায়ী নিকোস ভ্যানগেলাতোস। দেশটির পেলোপোনেসি অঞ্চলের পশ্চিমে নি ম্যানোলাদা শহরে অবস্থিত স্ট্রবেরি খামারটিতে টিপুর মতো আরও অনেক বাংলাদেশি প্রবাসী কাজ করেন। গত বছর খামারমালিক শ্রমিকদের কয়েক মাসের বেতন দেননি। এরপর শ্রমিকেরা দুই দফা ধর্মঘট করেন। এতে ক্ষুব্ধ হন খামারমালিক। তাঁর নির্দেশে নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ওপর গুলি চালান। ২০১৩ সালের এপ্রিলের ওই ঘটনায় আহত হন ৩৫ জন শ্রমিক।
ওই হামলার ঘটনায় অভিযুক্ত খামারমালিকসহ চারজনকে গত জুলাই মাসে খালাস দেন স্থানীয় একটি আদালত। এতে প্রবাসী শ্রমিকসহ মানবাধিকারকর্মী ও আইনজীবীরা ক্ষুব্ধ। শ্রমিকদের অধিকার নিয়ে আইনি লড়াই করা ময়েসিস কারাবেইদিস বলেছেন, ‘একজন গ্রিক হিসেবে আমি লজ্জিত। এখন আমাদের ভরসা সুপ্রিম কোর্ট।’
রায় শুনে কান্না সংবরণ করতে পারেননি টিপু। তিনি বলেন, ‘আমরা আদালতের রায় শুনে কান্না জুড়ে দিই। এটা কোনোভাবেই হতে পারে না। এই কি ন্যায়বিচার? একজন মানুষের কি কোনো অধিকার নেই?’
হামলার সেই দুঃসহ ঘটনার স্মৃতিচারণা করে টিপু বলেন, ‘তারা (নিরাপত্তাকর্মী) যখন আমাদের দিকে বন্দুক তাক করল, সেখানে প্রায় ২০০ জন ছিলাম। আমরা প্রথম মনে করেছিলাম, তারা মজা করছে। কেননা, কর্তৃপক্ষের কাছে আমাদের পাঁচ মাসেরও বেশি বেতন বকেয়া পড়ে গেছে। কিন্তু তারা যখন গুলি ছুড়ল তা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না।’
ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রচণ্ড রোদের মধ্যে খামারে কাজ করতে হয় শ্রমিকদের। তাঁদের ওপর কড়া নজর রাখেন নিরাপত্তাকর্মীরা। পান থেকে চুন খসলেই অশ্লীল গালিগালাজ। মজুরি দিনে মাত্র ২২ ইউরো (১৭ মার্কিন ডলার)। এর মধ্যে ছয় ইউরো আবার খাবার ও বাসস্থান বাবদ কেটে রাখা হয়। টিপু বলেন, ‘প্রতি সপ্তাহেই আমাদের বলা হতো, আগামী সপ্তাহেই তোমাদের মজুরি পরিশোধ করা হবে। কিন্তু কোনো মাসেই আর পরিশোধ করা হয়নি।’
টিপু ও অন্য প্রবাসীদের থাকার ব্যবস্থা জরাজীর্ণ শিবিরে। কার্ডবোর্ডের বাক্স, পলিথিন ও বাঁশের তৈরি এসব শিবির দেখলে মনে হয় এগুলো বুঝি পশুর খোয়াড়।
টিপুর বন্ধু লিনটন খান বলেন, ‘ঘটনার এক মাস আগে তারা (নিরাপত্তাকর্মী) দুটি কুকুরকে গুলি করে হত্যা করে। এ সময় আমাদের উদ্দেশে তারা বলে, এভাবে তোমাদেরও হত্যা করা হবে।’
মালিকের অমানবিক আচরণ আর গ্রিক সরকারের পদক্ষেপে হতাশ টিপু। অথচ গ্রিসে পৌঁছে তাঁর মনে হয়েছিল, ‘আমি এমন একটি দেশে এসেছি, যেখানে গণতন্ত্রের জন্ম, সভ্যতার জন্ম।’