গ্রিসে বাংলাদেশিদের গুলি করা খামারিরা খালাস

গ্রিসে গত এপ্রিলে পাওনা অর্থের দাবিতে বিক্ষোভরত বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়া কৃষিখামারিরা বেকসুর খালাস পেয়েছেন। গতকাল বুধবার দেশটির আদালত এ রায় দেন। আজ বৃহস্পতিবার গার্ডিয়ান অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
‘কলঙ্কজনক’ এই রায়কে গ্রিসের রাজনীতিবিদ এবং বর্ণবাদবিরোধী ব্যক্তিরা ধিক্কার জানিয়েছেন। শুনানিতে খামারের মালিকেরা বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলিবর্ষণের দায় স্বীকার করেন।
রাজনীতিবিদ, শ্রমিক নেতা এবং বর্ণবাদবিরোধীরা বলছেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এটি একটি ‘কলঙ্কজনক’ অধ্যায়। শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় গ্রিসে প্রবাসী শ্রমিকদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাখার বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে।
গ্রিসের পশ্চিমাঞ্চলের বন্দরনগর পার্টাসের আদালত রায় ঘোষণার পর হামলার শিকার শ্রমিকদের পক্ষের আইনজীবী মাওসিস কারাবায়িডিস বলেন, ‘গ্রিসের একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত। এই সিদ্ধান্ত চূড়ান্ত অবমাননাকর। লজ্জার। ঘটনার শিকার শ্রমিকদের প্রতি যে আচরণ আদালত করেছেন, তা আতঙ্কজনক।’
রায় ঘোষণার পর হাকিম যখন একজন খামারিকে বেরিয়ে আসার অনুমতি দেন, তখন প্রবাসী অনেক শ্রমিককে আদালতের বাইরে কাঁদতে দেখা যায়। কিছু ব্যক্তিকে প্রতিবাদ করতেও দেখা গেছে। এই খামারি শুধু যে শ্রমিকদের ওপর গুলি ছোড়েন তা-ই নয়, তাঁর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগও রয়েছে।
অন্য দুজনের বিরুদ্ধে শ্রমিকের ওপর কঠোর নির্যাতন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। এর আগে এঁদের দুজনকে ১৪ বছর সাত মাস ও আট বছর সাত মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিরা আপিল করেছিলেন, কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার আগেই তাঁদেরও মুক্তি দেওয়া হলো।
গত এপ্রিলে দক্ষিণ পেলোপনিসের মানোলাডার খামারে ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে খামারিরা শ্রমিকদের ওপর গুলি ছোড়েন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হন। শ্রমিকদের সবাই স্ট্রবেরি বাগানে কাজ করতেন।
ছয় বছর ধরে চলা অর্থনৈতিক মন্দার সময়ে শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন গণমাধ্যমে গ্রিসের প্রবাসী শ্রমিকেরা কতটা দুর্দশার মধ্যে আছেন, এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এমনকি শ্রমিকদের শৌচাগারের সুবিধাও ছিল অপর্যাপ্ত।
বুধবার রাজনীতিবিদদের একটি অংশ বলেন, এই রায় নিয়োগকারীদের জন্য এমন এক দৃষ্টান্ত স্থাপন করল, যা অনভিপ্রেত ঘটনার জন্ম দিতে পারে। প্রধান বিরোধী দলের একজন সাংসদ ভাসিলিকি কাত্রিভানোউ বলেন, ‘এই রায় বার্তা দিচ্ছে যে প্রবাসী শ্রমিকেরা কুকরের মতো প্রাণ দিতে পারেন।’ তিনি বলেন, ‘গ্রিসে বাগানশ্রমিকদের বেশির ভাগই প্রবাসী। মানোলাডায় যা ঘটেছে, এটাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলার সুযোগ নেই।’
বিশ্ব মানবপাচারবিরোধী দিবসের দিনে ঘোষিত এই রায়ে শ্রমিকদের ওপর পৈশাচিক, অমানবিক ও বর্ণবাদী আচরণ ও প্রতারণার চিত্র ফুটে উঠেছে।
এই রায়ের নিন্দা জানিয়ে বর্ণবাদবিরোধীরা গ্রিসের বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
মুভমেন্ট অ্যাগেইনস্ট রেসিজম অ্যান্ড দ্য ফ্যাসিস্ট থ্রেটের সমন্বয়ক পেট্রোস কনস্টান্টিনোও বলেন, ‘আমরা ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলোকে এই অভূতপূর্ব বর্ণবাদী কেলেঙ্কারির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাই। শ্রমিকদের ওপর গুলি চালিয়ে স্ট্রবেরি ইন্ডাস্ট্রি থেকে লাখ লাখ ডলারের মুনাফা অর্জন চলবে না।’