গ্রীন লাইফ হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার লুৎফুন্নাহার নামের এক রোগীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।লুৎফুন্নাহারের ছেলে ব্যাংক কর্মকর্তা মো. আলিমুল কবির প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তাঁর মা। গত সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই চিকিৎসক রোগীকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দুই দিন ধরে অনবরত বমি করায় রোগীর দেহে লবণের ঘাটতি হয়ে থাকতে পারে—এই ধারণা থেকে জরুরি ভিত্তিতে দুটি পরীক্ষা করার কথা ব্যবস্থাপত্রে লিখে দেন ওই চিকিৎসক। সোমবার রাত সোয়া ১১টায় গ্রীন লাইফ হাসপাতালে লুৎফুন্নাহার ভর্তি হলেও জরুরি ভিত্তিতে তাঁর পরীক্ষাগুলো করা হয়নি। প্রায় ১০ ঘণ্টা পর খিঁচুনি শুরু হলে পরীক্ষাগুলো করাতে লুৎফুন্নাহারকে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা দুয়েক পর তিনি মারা যান।হাসপাতালের আবাসিক চিকিৎসক আহসান ইকবাল বলেন, রোগীকে তাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু পরিবারের লোকজন রাজি হচ্ছিল না। দুই দিন ধরে বমি করায় রোগীর অবস্থা নাজুক ছিল।কিন্তু জরুরি বিভাগে ওই রাতে কর্মরত চিকিৎসক শওকত ওসমান বলেন, রোগীর রক্তচাপ ও হূৎস্পন্দন মোটামুটি স্বাভাবিক ছিল।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের পরিচালক শোয়েব আহমেদ বলেন, হাসপাতালে রাতে জরুরি বিভাগ খোলা থাকলেও জরুরি পরীক্ষা হয় না। তবে পাশের অন্যান্য হাসপাতালে হয়। তিনি বলেন, এ ক্ষেত্রে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রোগীর স্বজনেরা গ্রীন লাইফ হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।