গ্রীষেঞ্চর শুরুতেই বিশুদ্ধ পানির সংকট
বরগুনায় প্রয়োজনীয় সংখ্যক নলকূপ নেই। যেগুলো আছে, তার বেশির ভাগই অকেজো। প্রয়োজনের তুলনায় কম গভীরতায় পাইপ বসানোর কারণে এগুলো থেকে পানি উঠছে না। ফলে গ্রীষ্ম মৌসুমের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ডায়রিয়াপ্রবণ জেলাটির জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে রয়েছে।জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাবমতে, জেলায় বর্তমানে ১৩ হাজার ৬১৮টি গভীর, ৪৪০টি অতি অগভীর ও ৫৪৭টি পিএসএফ (বালুর ফিল্টার) রয়েছে। এর মধ্যে ৪৪০টি গভীর নলকূপ এবং ৩৮৩টি পিএসএফ বর্তমানে স্থায়ীভাবে অকেজো। তবে স্থানীয় হিসাবে, জেলার তিন হাজারের বেশি গভীর নলকূপই এখন অকেজো। যেগুলো সচল দেখানো হচ্ছে, প্রয়োজনীয় গভীরতা না থাকায় সেগুলোর অধিকাংশেই পানি ওঠে না।সদর উপজেলায় প্রায় তিন লাখ মানুষের জন্য গভীর ও অগভীর নলকূপ রয়েছে তিন হাজার ৮৮১টি। সরকারি হিসাবে, এর মধ্যে বর্তমানে অকেজো ১১০টি। তবে স্থানীয় হিসাবে, এ সংখ্যা পাঁচ শতাধিক। এর মধ্যে গৌরীচন্না ইউনিয়নেই ৭৫-৮০টি গভীর নলকূপ অকেজো। ইউনিয়নের খাজুরতলা গ্রামের আবুল হোসেন হাওলাদার জানান, তাঁদের বাড়িতে একটি গভীর নলকূপ থাকলেও সেটিতে পানি ওঠে না। পাশের গোমস্তা বাড়ি এলাকার নলকূপটিরও একই অবস্থা। ফলে গ্রামের প্রায় আড়াই হাজার বাসিন্দা এখন তীব্র পানির সংকটে।একইভাবে আমতলী ও তালতলী উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় বর্তমানে তিন হাজার ৭৭৬টি গভীর নলকূপের মধ্যে সরকারি হিসাবেই প্রায় ৩০০ নলকূপ (স্থানীয় হিসাবে দ্বিগুণেরও বেশি) অকেজো। পাথরঘাটা উপজেলার চরদুয়ানি, পাথরঘাটা সদর, কাঁঠালতলী ও নাচনাপাড়া ইউনিয়নে ভূপ্রকৃতিগত কারণে গভীর নলকূপ স্থাপন করা যায় না। এই চার ইউনিয়নে বিকল্প পানির উৎস হিসেবে ৫০৬টি পুকুরে বালুর ফিল্টার (পিএসএফ) বসানো রয়েছে। এর মধ্যে বর্তমানে মাত্র ১৩১টি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্মিত ২৫টি ফিল্টার সচল আছে। উপজেলার অন্য ইউনিয়নগুলোতে এক হাজার ৬৯৫টি গভীর এবং ২৯৪টি অগভীর নলকূপ থাকলেও সেগুলো থেকে ফাল্গুন-চৈত্র মাসে পানি পাওয়া যায় না। আবার গভীর নলকূপগুলো থেকে ওঠে লোনা পানি।স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশেষজ্ঞদের মতে, বরগুনায় পরিপূর্ণভাবে ভূগর্ভস্থ পানির স্তর পেতে স্থানভেদে ৯০০ থেকে ১২০০ ফুট গভীরে পাইপ স্থাপন করা প্রয়োজন। কিন্তু অভিযোগ রয়েছে, ঠিকাদারেরা অধিক লাভের জন্য বেশির ভাগ নলকূপের পাইপ ৭০০-৮০০ ফুট গভীরে স্থাপন করেছেন। ফলে দীর্ঘ সময় চেষ্টা করেও এসব নলকূপে পানি ওঠে না। বছর না ঘুরতেই তা অকেজো হয়ে পড়ে।বিশুদ্ধ পানির অভাবে এসব এলাকার বাসিন্দারা পুকুর ও নদীনালার পানি পান করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করছে। ফলে অনেকেই পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। বরগুনার বেসরকারি সংস্থা এনএসএসের পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, বরগুনা ডায়রিয়াপ্রবণ জেলাগুলোর মধ্যে অন্যতম। পানিসংকট দেখা দিলে অবস্থার আরও অবনতি ঘটতে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিশ্বেশ্বর হাওলাদার বলেন, সংকটের বিষয়টি বিবেচনা করে এ বছর নতুন ৩৫২টি গভীর নলকূপ এবং ৩৫টি পিএসএফ ফিল্টার স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে নির্ধারিত গভীরতায় নলকূপের পাইপ স্থাপন করা হয় না, এমন অভিযোগ তিনি পাননি বলে দাবি করেন।