গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। আজ সোমবার থেকে ২৪ মে পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত তিন দিনে উপজেলার দুটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর গণমনস্তাত্ত্বিক অসুস্থতার কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার তেওতা একাডেমির অর্ধশতাধিক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদের ৬৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। একইভাবে গত শনিবার তেওতা একাডেমির ৩৫ জন এবং ষাইটঘর-তেওতা উচ্চবিদ্যালয়ে ৫৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গতকাল বেলা ১১টার দিকে জরুরি সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানাসহ উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। গতকালের পরিস্থিতি: শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম মোল্লা জানান, গতকালও কয়েকজন ছাত্রী অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা পর্যন্ত ৬৫ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই অসুস্থতার কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি বিশেষজ্ঞ দল অসুস্থ কয়েকজন শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করেছে।