এবারের গ্রীষ্ম মৌসুমেও বিদ্যুতের অভাবে সাধারণ মানুষকে কিছুটা দুর্ভোগ পোহাতে হবে। তবে তা হবে গত বছরের চেয়ে কম। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা। এ সময় কমিটির সদস্য বীরেন শিকদার ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে জনসাধারণের মধ্যে বিতরণের জন্য আরও বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব আনা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কমিটিকে অবহিত করা হয়।সভায় পিডিবির সিস্টেম লসের এক বছরের লক্ষ্যমাত্রা নিয়ে তা অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ করা হয়। পিডিবির হিসাবে বর্তমানে তাদের সিস্টেম লসের পরিমাণ ১৮ শতাংশ। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, সরকারের পরিকল্পনা অনুসারে ২০১৩ সাল নাগাদ বিদ্যুৎ নিয়ে ভোগান্তি অনেকাংশে বন্ধ হয়ে যাবে। বৈঠকে পিডিবি ও আরইবিকে অযথা লাইন বসাতে নিষেধ করা হয়েছে।