আসন্ন গ্রীষ্ম মৌসুমে সারা দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ছয় হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এ বিষয়ে সাধনা হালদারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানান, গত বছর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ছিল ছয় হাজার মেগাওয়াট। ঘাটতি ছিল ৭০০ থেকে এক হাজার মেগাওয়াট। তিনি জানান, আসন্ন গ্রীষ্মে পরিস্থিতি সহনীয় রাখতে বিকেল পাঁচটা থেকে ছয় ঘণ্টার জন্য সেচ পাম্পসহ সব শিল্প-কারখানা এবং রাত আটটার পর দোকানপাট, মার্কেট, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি বন্ধ রাখা হবে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় বেসরকারি খাতে ক্ষুদ্র পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন বাড়ানো হবে।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৪৮ হাজার গ্রাম বিদ্যুতায়িত হয়েছে।জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, অষ্টম সংবাদপত্র মজুরি ওয়েজ বোর্ড শিগগিরই গঠন করা হবে। তবে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। শহীদ উদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিজ্ঞাপন প্রচার বাবদ ১৩৯ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৮২৭ টাকা আয় করেছে। ওই সময়ে বেতার আয় করেছে নয় কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকা।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জানান, বর্তমানে রুগ্ণ শিল্পের প্রকৃত সংখ্যা কিংবা পরিসংখ্যান শিল্প মন্ত্রণালয়ের কাছে নেই। তবে রুগ্ণ শিল্পগুলোর তালিকা হালনাগাদ করার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন চেম্বারের সহায়তায় তারা এ তালিকা তৈরির কাজ করছে।প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পৌনে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।