গ্রীষ্মের আগেই বিদ্যুৎ সরবরাহে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের আগেই দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষার মধ্যেও দিনে কয়েকবার করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। দিন-রাতের অধিকাংশ সময় ধরে শহরে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎনির্ভর শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত ও সার্বিক ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অধীন মংলা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সাম্প্রতিক কালে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। বিশেষ করে, বন্দর আবাসিক এলাকার সাবস্টেশনের গ্রিড লাইনে ত্রুটির কারণে মংলা শহরসহ আশপাশ এলাকায় প্রায়ই বিভ্রাট ঘটছে। গত দুই সপ্তাহে এ বিভ্রাট ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রুটি মেরামতের জন্য দিনে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। প্রতি সন্ধ্যায় এক ঘণ্টা করে লোডশেডিংয়ের নামে ফের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এভাবে দিন ও রাতের বড় সময় ধরেই কর্তৃপক্ষ পুরো শহর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। পৌর এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী মো. স্বপন, অ্যালুমিনিয়াম ব্যবসায়ী নূর-ই আলম ও বাজার মসজিদের ইমাম তৈয়বুর রহমান জানান, গত কয়েক বছরে মংলায় বিদ্যুৎব্যবস্থা খুবই ভালো ছিল। কিন্তু চলতি বছরে একেবারে অসহনীয় অবস্থা। সন্ধ্যায় নিয়মিতভাবে এক ঘণ্টা তো বিদ্যুৎ থাকছেই না, আবার দিনের মধ্যে চার-পাঁচবার বিদ্যুৎ চলে যাচ্ছে। সব মিলিয়ে পাঁচ-ছয় ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ কার্যালয়ে ফোন করলে জানিয়ে দেওয়া হচ্ছে, ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিভ্রাট ও লোডশেডিংয়ের নামে প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, শহরের কয়েকজন জেনারেটর ব্যবসায়ীর কাছ থেকে উৎকোচ নিয়ে দুর্নীতিবাজ চক্রটি মাসের অধিকাংশ দিন সন্ধ্যা হলেই বিভ্রাট ও লোডশেডিংয়ের নামে ঘণ্টা খানেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে।মংলা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আবাসিক প্রকৌশলী শেখ এমদাদুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, লোডশেডিং জাতীয় গ্রিডের আওতায় করা হয়। এ ক্ষেত্রে তাঁদের কোনো ভূমিকা নেই। আর যান্ত্রিক ত্রুটি ও ট্রান্সফরমারের ফিউজ কেটে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে। তবে ত্রুটি মেরামতে তাঁরা তৎপর রয়েছেন বলে তিনি দাবি করেন।