গ্রীষ্মের ঘাটতি মেটাতে তিনটি ‘কুইক রেন্টাল’ কেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার গ্যাসচালিত তিনটি ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এর একটি স্থাপনের চূড়ান্ত চুক্তি হতে পারে। বাকি দুটির চুক্তিও আগামী সপ্তাহেই হবে। এই তিনটি কেন্দ্রেই ফেব্রুয়ারি মাসের মধ্যে উৎপাদন শুরু হবে। সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া সেচ মৌসুম ও তাকে অনুসরণ করে আসা গ্রীষ্মের বাড়তি চাহিদাজনিত ঘাটতি মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্র তিনটির উৎপাদনক্ষমতা হবে ২৩০ মেগাওয়াট। দুটি কোম্পানি ঘোড়াশাল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় এই কেন্দ্র তিনটি স্থাপন করবে।এর মধ্যে ঘোড়াশালে ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপন করবে ম্যাক্স পাওয়ার নামে একটি কোম্পানি। এ ছাড়া যুক্তরাজ্য-ভিত্তিক এগ্রেকো ৯০ মেগাওয়াটের একটি কেন্দ্র বসাবে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ৬০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি কেন্দ্র বসাবে আশুগঞ্জে। দুটি কোম্পানির কাছ থেকেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে চার টাকা ৮০ পয়সা দরে। সরকারি সূত্র জানায়, ঘোড়াশাল ও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি পুরোনো ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। এগুলো চালু করতে সময় লাগবে। তা ছাড়া সেখানকার আরও কয়েকটি ইউনিট পর্যায়ক্রমে মেরামত-সংরক্ষণের জন্য কয়েক মাস ধরে বন্ধ রাখতে হবে। কিন্তু এই সময় ওই অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাস পাওয়া যাবে। তাই সেখানে গ্যাসচালিত ভাড়াভিত্তিক কেন্দ্র বসানো হচ্ছে। এসব কেন্দ্র থেকে পিডিবি তিন বছর বিদ্যুৎ কেনার চুক্তি করবে।চট্টগ্রামের বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সেখানে দ্রুত একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এ রকম একটি চিন্তা সরকারের আছে। এ ছাড়া, ৬০০ মেগাওয়াট ক্ষমতার আরও আটটি (চারটি ১০০ মেগওয়াট করে, চারটি ৫০ মেগাওয়াট করে) বিদ্যুৎকেন্দ্র বেসরকারি খাতে স্থাপনের জন্য দরপত্র আহ্বানের কথা জানিয়ে তিনি বলেন, অনেক আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছে বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছে। এই কেন্দ্রগুলো স্থাপনে তারা আগ্রহী হতে পারে। সরকারি পরিকল্পনা অনুযায়ী এ বছর, অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৭০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে। এরপর গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গেই আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে আরও ৯০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর সঙ্গে গ্যাসচালিত নতুন তিনটি ‘কুইক রেন্টাল’ কেন্দ্র স্থাপিত হলে আগামী গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ নিশ্চিত উৎপাদনক্ষমতা (ফার্ম ক্যাপাসিটি) প্রায় ছয় হাজার মেগাওয়াটে উন্নীত হবে। সিরাজগঞ্জ-১৫০ মেগাওয়াট: সিরাজগঞ্জের সয়দাবাদে সরকারি খাতে ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি পিকিং প্লান্ট (সর্বোচ্চ চাহিদার সময় চালানোর জন্য স্থাপিত) স্থাপনের জন্য চীনা কোম্পানি সিএমসির সঙ্গে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কোম্পানি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল মধ্যাহ্নে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিএমসির পক্ষে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লি গুওহ এবং এনডব্লিউপিজিসিএলের পক্ষে কোম্পানি সচিব দীপক কুমার ঢালী চুক্তিতে স্বাক্ষর করেন। এই কেন্দ্রটি স্থাপনে ব্যয় হবে ৯৬২ কোটি ৫০ লাখ টাকা। ২০১২ সালের মে মাসের মধ্যে কেন্দ্রটি চালু হবে।