গ্রীষ্মের তরমুজ হেমন্তে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের রসাল ফল তরমুজ পাওয়া যাচ্ছে হেমন্তেই। দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর টেকনাফের প্রধান সড়কের পাশে কয়েক দিন ধরেই বিক্রি হচ্ছে তরমুজ। ব্যবসায়ীরা বলেন, তিন বছর ধরে টেকনাফের বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। চায়নার তিনটি জাতের তরমুজের চাষও হচ্ছে এখানকার পাহাড়ি ঢালু জমিতে।
গতকাল বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার চার রাস্তার মাথার ফোয়ারা চত্বরে তরমুজবোঝাই একটি ট্রাক থামতে দেখা যায়। ট্রাক থেকে ৭৭১টি তরমুজ নামানো হয়। তরমুজবিক্রেতা টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার আবদুল আমিন বলেন, টেকনাফের সমুদ্র উপকূলের বাহারছড়া গ্রাম থেকে তিনি তরমুজ কিনেছেন। ট্রাক থেকে নামানোর এক ঘণ্টার মধ্যে শতাধিক তরমুজ বিক্রি হয়ে যায়।
পৌরসভার নাফ পেপার বিতানের মালিক আবদুল গনি জানান, দেড় হাজার টাকায় তিনি ছয়টি তরমুজ কিনেছেন। প্রতিটির দাম পড়েছে আড়াই শ টাকা করে।
আরেক তরমুজ ব্যবসায়ী আবদুল আমিন বলেন, তিনি বাহারছড়ার খেত থেকে ১০০ তরমুজ কিনেছেন সাত হাজার টাকা করে। টেকনাফ এনে বিক্রি করছেন ১৫০ থেকে ২৫০ টাকায়। তিনি জানান, বাহারছড়ার সৈকত ও পাহাড়ের ঢালে কয়েক শ একর জমিতে আগাম তরমুজের চাষ হয়েছে। আগামী ১৫-২০ দিন এই খেতের তরমুজ বাজারে বিক্রি হবে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, সমুদ্রসৈকত ও পাহাড়ি ঢালু জমিতে ছয় শতাধিক একর জমিতে তরমুজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলনও ভালো হয়েছে। তিনি বলেন, টেকনাফের মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। ডিসেম্বরে শুরু হবে সেই মাঠে তরমুজসহ নানা ফসলের চাষাবাদ।
বাহারছড়ার কৃষক নাজির হোসেন ও অছিয়র রহমান বলেন, প্রায় চার মাস আগে তাঁরা চায়নার তিনটি জাতের তরমুজের চাষ শুরু করেন। প্রতি কানি তরমুজ চাষে খরচ পড়েছে প্রায় ৮০ হাজার টাকা। এক কানি জমিতে উৎপাদিত তরমুজ বিক্রি করে প্রায় তিন লাখ টাকা পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।