গ্রীষ্মের শুরুতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ লোডশেডিং
গ্রীষ্মের শুরুতেই খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতে কমপক্ষে নয়-দশবার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। প্রতিবারই এক থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ও উৎপাদনে ঘাটতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে খুলনা অঞ্চলে (বিদ্যুতের খুলনা জোন) পাঁচটি বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে খুলনায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কলকারখানায় উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। হিমায়িত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মডার্ন সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক বলেন, ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় কারখানায় উৎপাদন খরচ বাড়ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে মালামাল জাহাজীকরণ কঠিন হয়ে পড়েছে। ফলে মৎস্য কারখানার মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। নগরের বড় বাজারের ব্যবসায়ী রফিউল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে সন্ধ্যার পর দোকানপাট খোলা রাখা অসম্ভব হয়ে পড়েছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, খুলনা জোনের ২১ জেলায় বিদ্যুতের ঘাটতি মারাত্মকভাবে বাড়ছে। বর্তমানে এ অঞ্চলে প্রতিদিন বিদ্যুতের চাহিদা পিক আওয়ারে ৭৮৫ থেকে ৮০০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট। ফলে প্রতিদিন লোডশেডিং করা হচ্ছে ২২৫ থেকে ২৩০ মেগাওয়াট। অপরদিকে অফ পিক আওয়ারে ৫৯০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে সাড়ে ৩০০ থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ। এ সময় ঘাটতি থাকছে ২৩০ থেকে ২৩২ মেগাওয়াট। গত নভেম্বর মাসে নগরের গোয়ালপাড়া ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে ওই কেন্দ্রটি বন্ধ রয়েছে। এ ছাড়া গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের ৬০ মেগাওয়াট ইউনিটটি কয়েক মাস ধরে বন্ধ আছে। বরিশাল ও ভোলার তিনটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, খুলনা কুইক রেন্টাল, ভেড়ামারা-১, ২ ও ৩ কেন্দ্র, ভেড়ামারা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, বরিশাল গ্যাস টারবাইন, বরিশাল-২, ফরিদপুর কেন্দ্র এবং গোপালগঞ্জ পাওয়ার প্ল্যান্ট প্রতিদিন অফ পিক আওয়ার অর্থাৎ দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন করছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী হরেন্দ্রনাথ মণ্ডল জানান, গোয়ালপাড়ার ১১০ মেগাওয়াট কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ফলে গত ৭ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এ ছাড়া ৬০ মেগাওয়াট ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৪ জানুয়ারি থেকে বন্ধ। বর্তমানে এ দুটি ইউনিট মেরামত করা হচ্ছে। আশা করা যায়, এ মাসের শেষে কেন্দ্র দুটি চালু করা সম্ভব হবে। তিনি আরও জানান, নতুন করে গ্রাহকপর্যায়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। তেলসংকটের কারণে পিক আওয়ারে রেন্টাল কেন্দ্রগুলোতে উৎপাদন মাঝেমধ্যে কম হয়। ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়ে। এর ওপর বর্তমানে বোরো মৌসুম চলার কারণে বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়েছে। সেই তুলনায় বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় খুলনা জোনে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। আশা করা যায়, আগামী এপ্রিলে খুলনা জোনে বিদ্যুৎ পরিস্থিতির অনেক উন্নতি হবে।