গ্রীষ্মের শুরুতেই খুলনা নগরে পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকাল শুরু হওয়ার পর থেকে খুলনা নগরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ওয়াসা চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারায় এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নগরের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, চাহিদা অনুযায়ী এক-তৃতীয়াংশ পানিও পাওয়া যায় না। কোনো কোনো এলাকায় সাত-আট দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকে। পানি ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারায় অনেকেই ব্যক্তিগতভাবে গভীর ও অগভীর নলকূপ বসিয়েছেন। কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ দিয়েও পানি উঠছে না। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে ওয়াসার উৎপাদন নলকূপগুলোর পানি উত্তোলন ব্যাহত হচ্ছে।ওয়াসা খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন খুলনা নগরে পানির চাহিদা তিন কোটি গ্যালন। ওয়াসা সরবরাহ করে ৯০ লাখ গ্যালন। বর্তমানে ৭৭টি উৎপাদন নলকূপ (পাম্প) ও ১০ হাজার নলকূপ দিয়ে নগরে পানি সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে নগরের মুজগুন্নি, টুটপাড়া, ইকবাল নগর ও খালিশপুর ঘুরে দেখা যায়, ওই এলাকার লোকজন চাহিদা অনুযায়ী পানি পাচ্ছে না। এলাকার অনেকের ব্যক্তিগত নলকূপ দিয়েও পানি উঠছে না। মুজগুন্নি বাস্তুহারা এলাকার কামরুল হোসেন জানান, খুলনা ওয়াসার পানি তো সোনার হরিণ। ফেব্রুয়ারি মাসে প্রায় আট দিন পানি সরবরাহ বন্ধ ছিল। পানি না থাকায় ঠিকমতো গোসল করা এবং কাপড়ও পরিষ্কার করা যায় না।দক্ষিণ টুটপাড়ার মজিদ শেখ বলেন, ‘নগরে নলকূপের সংখ্যা এত বেশি যে দিন দিন পানির স্তর নিচে চলে যাচ্ছে। এ কারণে আমার ব্যক্তিগত নলকূপে এখন পানি উঠছে না। বৃষ্টি হলে এক-দুই দিন উঠে আবার বন্ধ হয়ে যায়।’ওয়াসার খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, পানিসংকট দূর করতে দুটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যেও দুই হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে খুলনা শহরে পানি সরবরাহ প্রকল্প নামে একটি প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হচ্ছে।ওয়াসার খুলনা কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ পিইঞ্জ বলেন, ‘প্রতিনিয়ত ভূগর্ভের পানি তোলার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা দুটি প্রকল্প হাতে নিয়েছি। এ দুটি প্রকল্পের কাজ শেষ হলে প্রায় ১৩ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। এতে নগরবাসীর চাহিদা পূরণ হবে এবং নতুন সংযোগ দেওয়া যাবে।