গ্রুপ ফোরের গাড়ি থেকে ৪৫ লাখ টাকা উধাও
রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা কোম্পানি ‘গ্রুপ ফোর সিকিউরিটিজ’-এর বিশেষ গাড়ি থেকে এইচএসবিসি ব্যাংকের ৪৫ লাখ টাকা খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটির চালক ফরিদ আলী (৪৫) টাকা চুরি করে পালিয়ে গেছেন।গাড়িটিতে নগদ পাঁচ কোটি টাকা পরিবহন করা হচ্ছিল বলে ব্যাংক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে পুলিশ জানায়।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, এইচএসবিসি ব্যাংকের মতিঝিল শাখার জন্য পাঁচ কোটি টাকা আনতে গ্রুপ ফোরের একটি বিশেষ গাড়ি চার কর্মচারীসহ বাংলাদেশ ব্যাংকে যায়। ছোট ছোট বেশ কয়েকটি ট্রাংকে ওই টাকা তুলে গাড়িটি দৈনিক বাংলার কাছে ব্যাংকের মতিঝিল শাখায় আসে। চালক টাকাসহ গাড়িটি বুঝিয়েও দেন। কিন্তু গাড়ি থেকে টাকার ট্রাংক নামানোর পর গণনার সময় বিষয়টি ধরা পড়ে। এর পর থেকে গাড়ির চালক ফরিদ আলীকে পাওয়া যাচ্ছে না। তার ইউনিফরম গাড়ির ভেতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো একটি ট্রাংক থেকে ৪৫ লাখ টাকা সরিয়ে পালিয়ে গিয়েছেন ফরিদ আলী। কিন্তু কখন, কীভাবে টাকা চুরি করলেন ফরিদ সে বিষয়ে অন্ধকারে রয়েছে পুলিশ। ফরিদ আলীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।