গ্রেড-মর্যাদা রক্ষার দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা রক্ষা করে সুস্পষ্ট ঘোষণা সংবলিত গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় শিক্ষকদের আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়। এ ছাড়া আজ দিনব্যাপী ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। ফলে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বলেন, ৬ ডিসেম্বর অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে শিক্ষক প্রতিনিধিরা দেখা করেন। তখন মন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিগুলো পূরণের সুস্পষ্ট আশ্বাস দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীও স্বতন্ত্র বেতনকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে অধিষ্ঠিত দুই মন্ত্রীর আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পে-স্কেল গেজেটে প্রতিফলিত হয়নি। ন্যায্য দাবি উপেক্ষা করে গেজেট ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত পে-স্কেল গেজেট প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকাশিত পে-স্কেলে গেজেট বাস্তবায়ন হলে সপ্তম জাতীয় পে-স্কেলের তুলনায় গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেক কিংবা তারও নিচে নেমে আসবে। এ ছাড়া গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সুপার গ্রেডের (সিনিয়র সচিবদের গ্রেড) দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো সুযোগ গেজেট বা অন্য কোনো পরিপত্রে দেখা যায়নি। শিক্ষকদের দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, সমিতির সদস্য অধ্যাপক মিজানুর রহমান খান, অধ্যাপক আনসার উদ্দীন, সৈয়দা নুসরাত জাহান, আবদুল আলীম প্রমুখ।