গ্রেড-১ পদ থাকবে সব ক্যাডারে
সিভিল সার্ভিসের ২৮টি ক্যাডারেই গ্রেড-১ পদ রাখা হবে। বর্তমানে প্রশাসনসহ পাঁচটি ক্যাডারে এই পদ আছে। এখন অবশিষ্ট ২৩টি ক্যাডার সার্ভিসেও জাতীয় বেতন স্কেলের গ্রেড-১ পদ সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি ক্যাডারে ন্যূনতম একটি করে এই পদ সৃষ্টি করা হবে। সাধারণভাবে ওই সব ক্যাডারের সংস্থাপ্রধানের পদটিই হবে গ্রেড-১ পদ। সংখ্যানুপাতে কোনো কোনো ক্যাডারে একাধিক গ্রেড-১ রাখা হতে পারে।সব ক্যাডারের এই পদে থাকা কর্মকর্তারা সচিবদের সমান বেতন-ভাতা পাবেন। তবে তাঁদের মর্যাদা সচিবদের মতো না-ও হতে পারে। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, অন্যান্য ক্যাডারের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই পদ সৃষ্টি করা হচ্ছে। কবে এটা হবে, তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও বিষয়টি অনেক দূর এগিয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশাসন, পুলিশ, কৃষি, পররাষ্ট্র ও কর ক্যাডারে গ্রেড-১ পদ আছে। অবশিষ্ট ২৩টি ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ সংস্থার শীর্ষ পদকে গ্রেড-১ করার দাবি জানিয়ে আসছিলেন। কিছুদিন আগে বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেও এই দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একটি কমিটি করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।গ্রেড-১ পদ সৃষ্টি ছাড়াও কোনো কর্মকর্তা গ্রেড-৫ ধাপে আট বছর চাকরি করলেই চতুর্থ গ্রেডে উন্নীত হবেন বলেও সরকারি সিদ্ধান্ত আসছে।২৩টি ক্যাডারের একটি করে পদ গ্রেড-১ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এসব ক্যাডারের কর্মকর্তারা। বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় আমরা সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব, দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একই সঙ্গে বলব, প্রতি ক্যাডারে ন্যূনতম একটি গ্রেড-১ পদসহ সংখ্যানুপাতে এই পদ সৃষ্টি করা হোক। অর্থাৎ, যে ক্যাডারে বেশি কর্মকর্তা আছেন, সেখানে এ ধরনের পদ বেশি করা হোক।’বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ফাহিমা খাতুন বলেন, ‘দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’