গ্রেড-১-এ যাবেন অধ্যাপকদের ২৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মোট অধ্যাপকের ২৫ শতাংশকে পদোন্নতি দিয়ে গ্রেড-১-এ যাওয়ার সুযোগ রেখে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ৪ এপ্রিলের তারিখে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এর আগে গত ২৪ মার্চ বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রচলিত নিয়মে অধ্যাপক (গ্রেড-৩) হবেন। এরপর এই অধ্যাপক পদে ন্যূনতম চার বছর চাকরি এবং স্বীকৃত জার্নালে বিষয়ভিত্তিক গবেষণাধর্মী দুটি প্রবন্ধ প্রকাশের শর্তে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা গ্রেড-২-এ উন্নীত হবেন। গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকেরা মোট চাকরিকাল ন্যূনতম ২০ বছর ও গ্রেড-২-এর সর্বশেষ সীমায় পৌঁছানোর দুই বছর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেড-১-এ যেতে পারবেন। তবে এই সংখ্যা মোট অধ্যাপকদের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।
আগেও মোট অধ্যাপকদের মধ্য থেকে সিলেকশন গ্রেড পেয়ে ২৫ শতাংশ গ্রেড-১-এ উন্নীত হতে পারতেন। কিন্তু নতুন অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রথা বিলুপ্ত করায় শিক্ষকদের গ্রেড-১-এ যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এ নিয়ে শিক্ষকেরা আন্দোলন করেন।