পাকিস্তান থেকে গ্রেনেড ও গুলির চালান আসত আর তা গ্রহণ করতেন মাওলানা তাজউদ্দিন। চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন এসব গ্রেনেড ও গুলি লুকিয়ে রাখতেন।
গতকাল রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলার একজন সাক্ষী নাহিদ লাইলা ওরফে কাঁকন তাঁর সাক্ষ্যে এসব কথা বলেন। নাহিদ লাইলার স্বামী পাকিস্তানি নাগরিক ও কাশ্মীরি জঙ্গি সংগঠনের নেতা মজিদ বাট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।
গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ নাহিদ লাইলা সাক্ষ্য দেন। আজ সোমবার তাঁকে আসামিপক্ষে জেরার জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে এই মামলায় ৭২ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
গতকাল নাহিদ লাইলা আদালতকে বলেন, আসামি আরিফ হাসান ওরফে সুমনের মাধ্যমে পাকিস্তানি নাগরিক আবদুল মজিদ বাটের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০০৩ সালে তিনি মজিদ বাটকে বিয়ে করেন এবং ঢাকার মোহাম্মদপুর চান মিয়া হাউজিংয়ে আরিফ হাসানের বাসায় ওঠেন। ওই বাসায় হরকাতুল জিহাদের (হুজি) মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিন, সাতক্ষীরার গোলাম মোহাম্মদ, মাওলানা ইদ্রিস, মাওলানা মনির এবং পাকিস্তানি লোকজন আসা-যাওয়া করতেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন।