২১ আগস্ট গ্রেনেড হামলা: সাবেক গোয়েন্দা কর্মকর্তার সাক্ষ্য
গ্রেনেড সরবরাহ করেন পিন্টুর ভাই তাজউদ্দিন
২১ আগস্টের হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড জঙ্গিনেতা মুফতি হান্নানকে সরবরাহ করেছিলেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন৷ প্রিতরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর সৈয়দ মনিরুল ইসলাম (বরখাস্ত) গতকাল মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দিয়ে এ কথা বলেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই সাক্ষ্য গ্রহণ করেন এবং ২৭ মে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সময় মেজর মনির ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন৷ ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি সেনাবাহিনী থেকে বরখাস্ত হন৷
সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা গতকাল আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে৷ ওই সময় জেএমবির অনেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ ওই বছরের ১ অক্টোবর হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে র্যাবের টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন মুফতি হান্নান কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
মেজর মনির বলেন, ২০০৬ সালে হুজি নেতা শরীফ সাহেদুল আলম ওরফে বিপুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বিপুল জানান, ব্রিটিশ হাইকমিশনার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো মুফতি হান্নান ও তাঁর ভাই মহিবুল্লাহ সরবরাহ করেছেন। এসব গ্রেনেড ভারতের কাশ্মীরে পাঠাতে পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে মাওলানা তাজউদ্দিনের কাছে আসত। এরপর টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান স্বীকার করেন যে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ও হামলার সঙ্গে জড়িত। আর গ্রেনেড সরবরাহ করেছেন সাবেক উপমন্ত্রী পিন্টুর ভাই তাজউদ্দিন৷
এর আগে মেজর মনির ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষী হিসেবে ২০০৯ সালের ৩ ডিসেম্বর আদালতে জবানবিন্দ দেন৷ তাতে তিনি বলেছিলেন, হামলার আগে হুজি নেতা মুফতি হান্নান হাফেজ আবু তাহেরসহ মাওলানা তাজউদ্দিনের বড় ভাই তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় বসে পরিকল্পনা করেন। গ্রেনেড হামলায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছিলেন৷ তবে গতকাল আদালতে দেওয়া সাক্ষ্যে মেজর মনির এসব কথা বলেননি৷
গতকাল পর্যন্ত এই মামলায় মোট ৮৪ জন সাক্ষ্য দিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।