আদালতে দেওয়া সাক্ষ্যে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল ওই হামলার মূল্য লক্ষ্য।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আমির হোসেন আমু।
আমু বলেন, সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা, সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ও সিলেটের মেয়র বদরউদ্দিন কামরানের ওপর গ্রেনেড হামলাসহ জোট সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ জনসভা করছিল। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ করে নিচে নামার সময় হঠাৎ একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। এরপর অনেকগুলো গ্রেনেড বিস্ফোরিত হতে থাকে। মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতারা মানবঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন। এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শত শত নেতা-কর্মী আহত হয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় অনেক মানুষ পড়ে ছিল।
আমু বলেন, ওই হামলায় তিনি নিজেও আহত হয়েছিলেন। তাঁর জামা-কাপড় ছিল রক্তে ভেজা। শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার ঢুকে গিয়েছিল। চিকিৎসার পরও তাঁর শরীরে এখনো অনেক স্প্লিন্টার রয়ে গেছে।
সাক্ষ্য দেওয়ার পর আমির হোসেন আমুকে আসামিপক্ষে জেরা করা হয়। আজ সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। গতকাল পর্যন্ত এ মামলায় ২০৫ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে।