গ্রেনেড হামলায় আহত দুজনসহ সাক্ষ্য তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গ্রেনেড হামলার সময় আহত দুজনসহ তিন ব্যক্তি সাক্ষী দিয়েছেন। গতকাল বুধবার ছিল সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ তিনজনের সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন।
গতকাল আদালতে যাঁরা সাক্ষ্য দেন তাঁরা হলেন গ্রেনেড হামলায় আহত আবদুল কাইয়ুম, ঈমান আলী ও হামলার প্রত্যক্ষদর্শী আবদুল মতিন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, কিবরিয়া হত্যা মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী হবিগঞ্জের সাংসদ আবদুল মজিদ খানের সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। এরপর গতকাল ওই তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষ্য শেষে ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন ২৮ ও ২৯ অক্টোবর টানা দুই দিন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আবদুল মতিন, আবদুল কাইয়ুম ও ঈমান আলীর সাক্ষ্যগ্রহণ চলে। গ্রেনেড হামলায় আহত কাইয়ুম ও ঈমান এ সময় হামলার পূর্বাপর অবস্থার বর্ণনা দেন। আদালতকে তাঁরা জানিয়েছেন, ঘটনার পরই বোঝা গিয়েছিল গ্রেনেড হামলা ছিল পরিকল্পিত। পরিকল্পিত এ রকম একটি হামলার ঘটনার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া ও প্রকৃত অপরাধীদের আড়াল করার প্রবণতা তাঁদের জন্য হতাশার।
এ তিনজনের সাক্ষ্য দেওয়ার সময় আদালতে গ্রেপ্তার হওয়া আসামিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসার জন্য কারা হেফাজতে ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন।