গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতরা গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেদিনের রক্তাক্ত স্মৃতি স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। চোখ মোছেন প্রধানমন্ত্রীও l প্রথম আলো
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতরা গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেদিনের রক্তাক্ত স্মৃতি স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। চোখ মোছেন প্রধানমন্ত্রীও l প্রথম আলো

২১ আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যেভাবে জিয়াউর রহমান জড়িত ছিলেন, ঠিক তেমনি ২১ আগস্টের হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী, তাঁর ছেলে তারেক রহমান এবং ওই সময়ের মন্ত্রিপরিষদের সদস্যরা সরাসরি জড়িত ছিলেন।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্থলে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিবারকে ‘খুনি পরিবার’ আখ্যায়িত করে শেখ হাসিনা আরও বলেন, সামান্য ক্ষমতার লোভে যারা দেশের মানুষ হত্যা করে, তারা মানুষ নয়, মানুষ নামের পশু। এই খুনিদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। এদের কাছ থেকে জাতিকে রক্ষা করতে হবে। খুনিদের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না।
গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়ার পরিবার ও তৎকালীন সরকারের জড়িত থাকার কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ২১ আগস্টের ঘটনার কয়েক দিন আগে থেকেই তারেক রহমান ধানমন্ডিতে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ১ আগস্ট সেনানিবাসের বাড়িতে চলে যান। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘তারেক সেখানে কেন ছিল? এ রকম অনেক তথ্যই আছে।’
আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, ২১ আগস্টে সমাবেশ করার কথা ছিল মুক্তাঙ্গনে। কিন্তু আগের দিন রাত ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশের অনুমতি দেয়। এরও আগে খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ কখনই আর সরকার গঠন করতে পারবে না। এমনকি শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীও থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভবিষ্যদ্বাণী কীভাবে তিনি (খালেদা) করলেন? কোন পরিকল্পনাবলে তিনি এটা বললেন? এ থেকে বোঝা যায় এঁদের উদ্দেশ্যটা কী ছিল।’
রক্তাক্ত ২১ আগস্টের ঘটনা স্মরণ করতে গিয়ে আবেগতাড়িত হন প্রধানমন্ত্রী, গলা ধরে আসে তাঁর। তিনি বলেন, ‘আমি বক্তৃতা শেষ করে নামতে যাব, একটার পর একটা গ্রেনেড। পর পর তিনিট ফুটল কয়েক সেকেন্ডের মধ্যে। এরপর একে একে ১৩িট গ্রেনেড। ৯-১০টা বিস্ফোরিত হলো। আমাকে ঘিরে মো. হানিফসহ অন্যরা মানববর্ম তৈরি করে আছেন। মনে হয় যেন কেয়ামত।’
গ্রেনেড হামলার পর খালেদা জিয়ার সরকার রহস্যজনক আচরণ করে, এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিকারের কোনো ব্যবস্থা ছিল না। সরকারের দায়িত্ব থাকে উদ্ধারকাজ চালানো এবং আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া। উল্টো যারা উদ্ধার চালাতে এসেছিল, লাঠিপেটা আর টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। প্রতিটি আলামত নষ্ট করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অদৃশ্য ইশারায় বিএনপি-সমর্থিত চিকিৎসকেরা চিকিৎসা না দিয়ে সরে যান। তখনকার পিজি হাসপাতালে ভর্তিই করা হয়নি আহত ব্যক্তিদের। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘উদ্ধার, চিকিৎসা, আলামত রক্ষায় কোনো উদ্যোগ দেখা যায়নি। এর রহস্যটা কী?’
৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ফারুক-রশিদ সাক্ষাৎকারে বলেছিলেন, জিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল। জিয়া তাঁদের উৎসাহ দিয়ে বলেছিলেন, সরাসরি থাকবেন না। তবে সফল হলে সঙ্গে থাকবেন।
বিভিন্ন সময় তাঁকে হত্যার লক্ষ্যবস্তু বানানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমি মৃত্যুকে ভয় পাই না। জীবন দেওয়ার মালিক আল্লাহ। সে কারণেই ২১ আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। তা না হলে লক্ষ্যটাই যখন ছিলাম আমি, তাহলে কীভাবে বেঁচে আছি। গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়। আহত অনেকের চলাফেরায় কষ্ট হয়। আমার তখন মনে হয়, আমার জীবনটা নিয়ে যদি তারা বেঁচে থাকত, আহত ব্যক্তিদের কষ্ট লাঘব হতো৷’
প্রধানমন্ত্রী পাঁচটা পাঁচ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হিসেবে অস্থায়ী শহীদ বেিদতে পৃথকভাবে করে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এরপর তিনি ১৪ দলের নেতাদের নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত শেষে সেখানে স্থাপিত মঞ্চে অবস্থান নেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় একমাত্র বক্তা ছিলেন শেখ হাসিনা। সবশেষে তিনি গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন। এ সময় নিহত ব্যক্তিদের স্বজন ও আহতদের অনেকেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করার পর সন্ধ্যা ছয়টার দিকে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সমমনা দল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।