গ্রেনেড হামলার আগের দিন পিন্টুর বাসায় বৈঠক করেন তাজউদ্দিন
২১ আগস্ট গ্রেনেড হামলার এক দিন আগে বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সরকারি বাসায় তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন তাঁর লোকজন নিয়ে এসেছিলেন এবং বসার ঘরে বৈঠক করেছিলেন।
সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সরকারি বাসভবনের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল আহসান হাবিব আজ রোববার আদালতে তাঁর সাক্ষ্যতে এ কথা বলেন।
এই সাক্ষীকে জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, পুলিশের সাবেক কর্মকর্তাসহ ৩০ আসামি আজ জেরা করতে অস্বীকার (ডিক্লাইন) করেন। কাল সোমবার বাকি আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য রয়েছে। এ নিয়ে আজ পর্যন্ত ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে করা মামলা দুটিতে ৭১ জন সাক্ষ্য দিলেন।
গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলায় ৪ আগস্ট আবদুস সালাম পিন্টুর নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবল হাবিবুর রহমান সাক্ষ্য দেন। আজ তাঁকে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য ছিল। আজ হাবিবুর রহমানকে আসামিপক্ষের জেরা শেষে আদালত আহসান হাবিবের সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষী আহসান হাবিব আদালতকে বলেন, তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবদুস সালাম পিন্টুর ধানমন্ডির সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওই বাসভবনের মূল ভবনের পাশে তাঁদের থাকার ব্যবস্থা ছিল। তিনি বলেন, আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন প্রায়ই তাঁর সরকারি বাসায় আসতেন। তিনি তাজউদ্দিনের সঙ্গে অন্যান্য লোকজনকে আসা-যাওয়া করতে দেখেছেন।
সাক্ষী আহসান আরও বলেন, ‘তাজউদ্দিন ও তাঁর লোকজন আবদুস সালাম পিন্টুর বাসার ড্রইংরুমে আলোচনা করতেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার এক দিন আগে বেলা ১১টার দিকে তাজউদ্দিনসহ কয়েকজন লোক আসেন। তাঁরা ড্রইংরুমে বসে আলোচনা করেন। তবে কী আলোচনা করেছেন, তা আমি শুনিনি।’ তিনি আরও বলেন, পিন্টুর অন্য ভাই সরকারি বাসায় কম আসতেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৩ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন পলাতক।