
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে গতকাল রোববার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
এদিকে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নওগাঁ ও নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: বেলা ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি জিয়াউর রহমান, ছাত্রলীগের নেতা ফাইজার রহমান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রেজা প্রমুখ।
বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ দলের নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলা দ্রুত নিষ্পন্নের দাবি জানান।
রাজশাহী: গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ সিনেট ভবনের সামনে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সোবহান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।
একই দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের টেন্ট (জমায়েতস্থল) থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা ও শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম।
গুরুদাসপুর (নাটোর): জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পৌর শহরের চাঁচকৈড় বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও পৌর শাখার সব সহযোগী সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক প্রমুখ।
নওগাঁ: গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় শহরের সরিষাহাটির মোড়ে দলীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। এ সময় দলের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ জাতীয় নেতাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বেলা তিনটায় জেলা মহিলা লীগের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলা মহিলা লীগের আহ্বায়ক শাহনাজ মালেক সভাপতিত্ব করেন।
বিকেল পাঁচটায় শহরের তাজের মোড়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর আসনের (নওগাঁ-৫) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক এতে সভাপতিত্ব করেন।