গ্রেনেড হামলার মূল নায়ক তারেক: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল নায়ক তারেক রহমান।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় কামরুল ইসলাম এ দাবি করেন। আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জনতার প্রত্যাশা’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি ঘরানার আইনজীবীদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, ‘আপনারা যে আইনজীবীই পাঠান না কেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তথ্য-প্রমাণসহ প্রমাণ করে দেব ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল নায়ক তারেক রহমান। হাওয়া ভবনে এ হত্যাকাণ্ডের পরিকল্পনার দুটি সভা হয়েছিল। এর সঙ্গে কাশ্মীরের জঙ্গি জান্দাল ও বিএনপির নেতা আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন জড়িত ছিলেন।’
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত সম্পর্কে কামরুল ইসলাম বলেন, ‘আমরা কোনো ফরমায়েশি তদন্ত করিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই তারেক রহমান, হারিছ চৌধুরী, বাবরের নাম বেরিয়ে এসেছে। এখন তাঁদেরই বিচার চলছে। আসামিপক্ষের আইনজীবীদের সময়ক্ষেপণের কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার বিলম্বিত হচ্ছে।’

আইন প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান হয়তো রণাঙ্গনে যুদ্ধে করেছেন। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। থাকলে কীভাবে স্বাধীনতার তিন বছরের মাথায় তিনি স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করেন।’

দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের মূলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে দাবি করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘সব ষড়যন্ত্রের মূলে একাত্তরের পরাজিত শক্তি ও আইএসআইয়ের এজেন্টরা। তারা বাংলাদেশকে তালেবানি, জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা একাত্তরের মতো ঐক্যবদ্ধ হলে তাদের প্রতিহত করতে পারব।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন অভিযোগ করেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। একাত্তরের পরাজিত শক্তি এখনো আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। এই অপশক্তিকে রুখে দিতে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন প্রমুখ।