গ্রেনেড হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন খান আলমগীর আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকালে পুলিশ নিষ্ক্রিয় ছিল। সেদিন আওয়ামী লীগের সভানেত্রী ও বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া হয়নি।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মহীউদ্দীন খান আলমগীর আংশিক সাক্ষ্য দেন। বাকি সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ১৮ জানুয়ারি তারিখ ধার্য করেন।
সাক্ষ্যে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ওই সমাবেশে শেখ হাসিনা ও অন্য নেতাদের লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়। ১২টি গ্রেনেড ছোড়া হয়েছিল। তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। তা আলামত হিসেবে জব্ধ না করে ধ্বংস করে ফেলা হয়।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, তাঁকে শেখ হাসিনার দেহরক্ষী মেজর (অব.) শোয়েব বলেছিলেন, যে গ্রেনেড দিয়ে হামলা করা হয়েছে, তা আরজেস গ্রেনেড। এ ধরনের গ্রেনেড বিদেশ থেকে আনা হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ ও অন্যান্য কাজে ব্যবহার করে থাকে। চট্টগ্রামে যে ১০ ট্রাক অস্ত্র ও গ্রেনেড আটক করা হয়, ওই গ্রেনেড আর ২১ আগস্ট হামলায় ব্যবহৃত গ্রেনেড একই।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মোশারফ হোসেন ও আকরাম হোসেন।