গ্রেনেড হামলার ১১তম বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে বক্তৃতা করছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২২ মিনিটে তিনি বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়ির দিকে। তখনই তাঁকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড হামলা করা হয়।
আজ সেই ২১ আগস্ট। আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলার আজ ১১তম বার্ষিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
ওই হামলায় দলের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ নিহত হন ২২ জন নেতা-কর্মী। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী।
যাঁরা নিহত হন: আইভি রহমান ছাড়া নিহত অন্যরা হলেন শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবুর রহমান, হাসিনা মমতাজ, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোস্তাক আহমেদ (সেন্টু), লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসিরউদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম।
কর্মসূচি: আজ বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন, দোয়া মাহফিলে অংশ নেবেন। আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারাও অনুরূপ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় অংশ নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে নিয়ে দিবসটি পালন করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।