গ্রেনেডকে জঙ্গিরা বললেন 'হাসিনার নাশতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার দিন দুপুরের পর রাজধানীর মেরুল বাড্ডায় ভাড়া করা বাসায় জঙ্গিদের একটি আস্তানায় যান মাওলানা মোসাদ্দেক বিল্লাহ। তিনি সেখানে গোল গোল কিছু জিনিস (গ্রেনেড) দেখতে পান। সেগুলো কী তিনি জানতে চাইলে মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ বলেন, ‘এগুলো শেখ হাসিনার নাশতা’। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হামলার খবর পাওয়ার পর তিনি বুঝতে পারেন সকালের নাশতা বলতে গ্রেনেড হামলাকে বুঝিয়েছে।

নরসিংদীর শিবপুর থানার পুটিয়া কামারগাঁয়ের মাওলানা মোসাদ্দেক বিল্লাহ গতকাল মঙ্গলবার আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন। এই সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন।

সাক্ষী মোসাদ্দেক বলেন, তিনি নরসিংদী পলাশ উপজেলার মাতিচর কওমি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। হরকাতুল জিহাদের (হুজি) নেতাদের কথায় ২০০৪ সালে চাকরি ছেড়ে ঢাকায় আসেন। তিনি হুজি নেতা মুফতি হান্নান, মুফতি আহসান উল্যাহ ওরফে কাজল, মুরসালিন, মুত্তাকিন, আবুল কালাম ওরফে বুলবুল, জাহাঙ্গীর, মহিবুল্লাহসহ অনেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন। এঁরা সবাই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি।

১৮ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।