গ্রেনেডসহ চার জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাদের কাছ থেকে গ্রেনেড, পেট্রলবোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দক্ষিণখান মোল্লারটেক প্রেমবাগান এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র্যা ব-১০-এর একটি দল। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো জেএমবির চাঁপাইনবাবগঞ্জের জেলা আমির ও এহসার সদস্য (সার্বক্ষণিক কর্মী) আবদুর রাজ্জাক হায়দার (৩৫), নওগাঁ জেলার আমির ও গায়রে এহসার সদস্য (সাধারণ কর্মী) জিয়াউল বারী ওরফে ডালিম (৩২), দিনাজপুর জেলার আমির ও এহসার সদস্য কোরবান আলী ওরফে মো. আলী ওরফে হাঞ্জালা (৫৫) এবং রংপুর জেলার অর্থ সম্পাদক ও গায়রে এহসার মোফাজ্জল হোসেন। এহসার সদস্য মো. রফিকুল ইসলাম ওরফে আবদুল্লাহ (২০)।
র্যা ব জানায়, ওই চারজনকে গ্রেপ্তার করে ওই বাসা থেকে একটি আরজেস গ্রেনেড, ১২টি পেট্রলবোমা, ৩৪টি অবৈদ্যুতিক ডেটোনেটর, ১৪টি বৈদ্যুতিক ডেটোনেটর, প্রায় ৩০ মিটার করডেক্স, ২ কেজি ৫০০ গ্রাম স্প্লিন্টার, ৫০০ গ্রাম গানপাউডার, ৩০টি ছোট-বড় ককটেল, এক কেজি প্লাস্টিক বিস্ফোরক দ্রব্য, ৫০০ গ্রাম সালফিউরিক অ্যাসিড, একটি ডেটোনেটর বক্স, প্রায় দুই কেজি কাচের মার্বেল, এক বান্ডিল বৈদ্যুতিক তার এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা জেএমবি সংগঠনকে পুনরায় সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছিল। রাজনৈতিক অস্থিশীলতার সুযোগে তারা রাজধানীতে বড় ধরনের নাশকতা করারও পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে জেএমবির সদস্যদের কাছ থেকে তারা চাঁদা তুলে অর্থ সংগ্রহ করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্জাক ও জিয়াউল বারী দক্ষিণখানের ওই বাসাটি ভাড়া নেয়। এ ক্ষেত্রে তারা ছদ্মনাম ও ঠিকানা ব্যবহার করে। সর্বশেষ গত ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ওই বাসায় জমা করা হয়। তারা নাশকতা সৃষ্টির জন্য সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু শেষমেশ তারা গোয়েন্দা নজরদারি এড়াতে ব্যর্থ হয়।
জানা গেছে, বাসাটি আধা পাকা। তার পাশে আরেকটি আধা পাকা বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন বাড়ির মালিক।
বাড়ির মালিক র্যা ব ও সাংবাদিকদের জানান, গ্রেপ্তার রাজ্জাক মামুন নামের বাসাটি ভাড়া নিয়েছিল। ভাড়া নেওয়ার সময় নিজেকে পোশাক ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। ওই সময় তার বিস্তারিত পরিচয় আর যাচাই-বাছাই করা হয়নি।