গ্রেনেডে প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোয়ামোছা চলছে হোসেনি দালান এলাকায়। তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার মধ্যরাতে সেখানে হামলা হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ধোয়ামোছা চলছে হোসেনি দালান এলাকায়। তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার মধ্যরাতে সেখানে হামলা হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে হামলায় ব্যবহৃত গ্রেনেডে ‘প্লাস্টিক এক্সপ্লোসিভ’ ব্যবহার করা না-করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে নিয়োজিত একটি সংস্থা ‘প্লাস্টিক এক্সপ্লোসিভ’-এর কথা বললেও অন্য সংস্থা পাল্টা যুক্তি দিয়ে তা উড়িয়ে দিচ্ছে। তবে এ ঘটনায় দায়ের করা মামলায় জব্দ করা আলামতের তালিকায় ‘প্লাস্টিক এক্সপ্লোসিভ’-এর উল্লেখ আছে।
এ নিয়ে এখন সরকারের সংস্থাগুলো নানামুখী চাপে পড়েছে। ইতিমধ্যে দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিদেশিদের নানা উদ্বেগের জবাবও দিতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি দেশের দূতাবাস তাঁদের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগের কথা জানিয়েছে।
তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেছেন, নিরাপত্তাব্যবস্থা পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হয়েছে।
সরকারি নিরাপত্তা বাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা জানান, ‘প্লাস্টিক এক্সপ্লোসিভ’ উচ্চমাত্রার ধ্বংসাত্মক বিস্ফোরক। এটা বোমা বা গ্রেনেডে ব্যবহার করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাধারণ স্ক্যানার বা মেটাল ডিটেক্টরে এর অস্তিত্ব ধরা পড়ে না। এ জন্য কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্লাস্টিক এক্সপ্লোসিভের ব্যবহারের তথ্য মিললে শুরুতেই দেশের বিমানবন্দরগুলোতে অতিরিক্ত সতর্কতা নিতে হয়।

বিশেষজ্ঞরা জানান, অর্ধশতাব্দীর বেশি সময় ধরে প্লাস্টিক এক্সপ্লোসিভের ব্যবহার চলে আসছে। সামরিক ব্যবহারের পাশাপাশি এর বাণিজ্যিক ব্যবহারও রয়েছে। কয়লা বা পাথরের খনিতে বড় বড় পাথরের চাঁই ধ্বংস, ভবন ধ্বংসের ক্ষেত্রেও এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়।

গত শুক্রবার গভীর রাতে হোসেনি দালানে গ্রেনেড হামলায় এক কিশোর নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়। চকবাজার থানা সূত্র জানায়, হামলার পরে ঘটনাস্থলে দুটি গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এর একটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ধ্বংস করে, আরেকটি নিষ্ক্রিয় করে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দল। দুটি গ্রেনেড নিয়ে যায় দুটি সংস্থা। পরে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দলটি পরীক্ষা করে থানা-পুলিশকে জানায়, এতে টাইমার সার্কিট, ইলেকট্রিক ডেটোনেটর, ব্যাটারি, রিলিজ সুইচ, খোল হিসেবে পাইপ ও বিস্ফোরক হিসেবে প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে। এসব দ্রব্য মামলার জব্দতালিকায় আলামত হিসেবে দেখানো হয়।

কিন্তু মামলার তদন্তকারী সংস্থা ডিবি জানায়, ঠিকমতো পরীক্ষা না করেই প্লাস্টিক এক্সপ্লোসিভের মতো এত উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের নাম জব্দতালিকায় লেখা ঠিক হয়নি। তাদের মতে, প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার করা হলে হোসেনি দালানে ক্ষয়ক্ষতি হতো অনেক বেশি। উদাহরণ হিসেবে তারা বলছে, হোসেনি দালানের ভেতরে টুলের ওপর বসানো প্লাস্টিকের পানির ট্যাংকের নিচে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল। অথচ সেই টুলটিও উল্টে পড়েনি, পানির ট্যাংকটিও ক্ষতিগ্রস্ত হয়নি। গ্রেনেডে প্লাস্টিক এক্সপ্লোসিভ থাকলে সেটি উড়ে যাওয়ার কথা। এমনকি পাশের দেয়ালটিও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

ডিবি সূত্র জানিয়েছে, অবিস্ফোরিত গ্রেনেডটি পরীক্ষা করে তারা এতে এখন পর্যন্ত প্লাস্টিক এক্সপ্লোসিভের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এখনো রাসায়নিক পরীক্ষা চলছে। রাসায়নিক পরীক্ষায় গ্রেনেডটিতে এখন পর্যন্ত ১৭ ধরনের বস্তুর উপস্থিতি মিলেছে। বস্তুগুলো পরিশোধনের পরে আরও রাসায়নিক পরীক্ষা চলছে।

কিন্তু র‍্যাবের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, তারা যথাযথ পরীক্ষা করেই প্লাস্টিক এক্সপ্লোসিভের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়েছে। চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসায় চার জেএমবি সদস্যের কাছ থেকে এক কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ, ৩৪টি নন-ইলেকট্রিক ও ১৪টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩০ মিটার করডেক্স (ডেটোনেটরের সংযোগ তার)সহ বোমা তৈরির অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। কয়েক বছর আগে টাঙ্গাইলের একটি জঙ্গি আস্তানা থেকেও প্লাস্টিক এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়েছিল।