গ্রেনেডের আঘাতে ফ্রেমবন্দী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর এগারো আগে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরসে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আমিরুল ইসলাম। স্টিলের এই ফ্রেম ছাড়া এখন তিনি হাঁটতে পারেন না l ছবি: প্রথম আলো
বছর এগারো আগে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরসে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আমিরুল ইসলাম। স্টিলের এই ফ্রেম ছাড়া এখন তিনি হাঁটতে পারেন না l ছবি: প্রথম আলো

আমিরুল ইসলাম (৩৮) ছিলেন পেশায় বাবুর্চি। সুস্বাদু রান্নায় সিলেটে তাঁর জুড়ি ছিল না। নানা উৎসব-বিয়ে-শিরনিতে তাঁর ডাক পড়ত নিয়মিত। বাবুর্চির কাজ করে আমিরুল স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে দিব্যি ছিলেন। বাড়ি তাঁর সিলেট নগরের সাদীপুর এলাকায়।
২০০৪ সালের ১২ জানুয়ারি আমিরুলের জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। প্রতিবছরের মতো ওই দিন তিনি সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস উপলক্ষে রান্নাবান্না করতে গিয়েছিলেন। দিনভর রান্না শেষে রাত সাড়ে আটটার দিকে বিশ্রাম নেওয়ার জন্য রান্নাঘর থেকে বের হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে জঙ্গিরা মাজারে গ্রেনেড হামলা চালায়।
গ্রেনেডের আঘাতে আমিরুলের মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়। অন্য আহত ব্যক্তির সঙ্গে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই মাস পর ঢাকা ও সাভারে গিয়ে উন্নত চিকিৎসা নেন। নিজের সহায়-সম্বল আর জমানো টাকা খরচ করেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এখন তিনি পঙ্গু অবস্থায় বাড়িতে অসহায় দিন কাটাচ্ছেন।
গত রোববার সন্ধ্যায় আমিরুল হাঁটার ফ্রেমে ভর দিয়ে প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ে এসে তাঁর দুরবস্থার কথা বলতে বলতে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। গতকাল সোমবার ১২ জানুয়ারি ছিল ভয়াবহ গ্রেনেড হামলার ১১ বছর পূর্তি। দিনটির কথা স্মরণ করে আমিরুল বলেন, ‘এ তারিখটি আমার জীবনে এক অভিশপ্ত দিন। এদিন গ্রেনেড হামলায় মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় আমি এখন শয্যাশায়ী। উন্নত চিকিৎসার জন্য আমি জেলা প্রশাসনসহ বিভিন্ন কার্যালয়ের মাধ্যমে সরকারের কাছে একাধিক আবেদন করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’
আমিরুল বলেন, ‘পরিবারে আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলাম। পঙ্গু হয়ে পড়ায় আমাদের প্রায় দিনই এখন না খেয়ে থাকতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। যেখানে খেতেই পারছি না, সেখানে চিকিৎসা করাব কেমন করে?’