দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেপ্তার অভিযানের উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো নয়, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তাঁর দাবি, গ্রেপ্তারের কারণে ব্যাংকের কোনো কর্মকর্তা আতঙ্কে নেই।
গতকাল বুধবার রাজধানীতে দুদক কার্যালয়ে কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন, তাঁরা নিয়ম মেনে নেবেন। আর যাঁরা দেবেন, তাঁরা ব্যাংকিং নীতিমালা মেনে ঋণ দেবেন এটাই আমরা চাই।’
দুদকের বার্ষিক প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এ সংবাদ সম্মেলন করা হয়। গত ২৪ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ওই প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে দুদকের কার্যক্রমের পাশাপাশি সরকারি সেবা, নিয়োগ, ক্রয় কার্যক্রম, নির্মাণ-মেরামত-সংস্কার কার্যক্রমে দুর্নীতি প্রতিরোধ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে ৩২ দফা সুপারিশ তুলে ধরা হয়।
ইকবাল মাহমুদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যেই কমিশন এসব সুপারিশ করেছে। সরকার এসব সুপারিশ গ্রহণ করবে কি না, তা সরকারেরই এখতিয়ার। প্রতিবেদনে পুলিশের কার্যক্রম নিয়ে করা সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পুলিশের কার্যক্রম মনিটর করতে একটি স্বাধীন জুডিশিয়াল কমিশন গঠনের সুপারিশ করেছি। আমরা মনে করি, এটা করতে পারলে পুলিশ আরও অধিক জনবান্ধব হবে এবং মানুষ আরও বেশি সেবা পাবে।’ সুপারিশমালায় ফৌজদারি কার্যবিধিতে মামলার তদন্ত ও বিচারের জন্য সময় বেঁধে দেওয়া এবং দেওয়ানি কার্যবিধিতে নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়ার সুপারিশও করা হয়েছে।
দুদকের করা মামলায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে সরকারি দলের সাংসদ আবদুর রহমান বদির তিন বছরের কারাদণ্ডের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দুদকের চেয়ারম্যান বলেন, ‘আদালতের রায়ের বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। তবে আমরা চাই, প্রতিটি মামলাতেই আসামির সাজা হোক।’
আরেক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘অপরাধী যে-ই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। শুধু প্রভাবশালীই নয়, যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের সবাইকে আইনের কাছে সোপর্দ হতে হবে।’