শিবগঞ্জের টিকরি গ্রাম নিয়ে ‘আগুনে পোড়া এক সন্ত্রস্ত জনপদ’ শিরোনামে প্রথম আলোয় খবর প্রকাশের পর দুবার শিবগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়েছে। ক্ষতিগ্রস্ত দুজনের কাছ থেকে তারা অভিযোগ লিখিয়ে আনে।
হামলা, আগুন আর লুটপাটের আট দিন পর অবরুদ্ধ ওই জনপদের খবর প্রথম গত ২২ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দিন দুপুরে ক্ষতিগ্রস্ত মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোহুর আহমেদের কাছ থেকে লিখিত অভিযোগে স্বাক্ষর করিয়ে নিয়ে আসে পুলিশ। তখন অন্য ক্ষতিগ্রস্তরা ‘জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের ভয়ে’ মামলা দায়ের করতে রাজি হননি। তাঁরা পুলিশকে বলেন, আগে হামলা ও লুটপাটকারীদের গ্রেপ্তার করা হোক, তারপর তাঁরা মামলা করবেন।
ক্ষতিগ্রস্ত ৩০-৩৫টি পরিবারের মধ্যে মাত্র দুজনই লিখিত অভিযোগে স্বাক্ষর করেন। এরপর গতকাল বৃহস্পতিবার পুলিশ আরেক দফা টিকরি গ্রামে যায়। এবার পল্লি চিকিৎসক রেজাউল করিম, হাজি আজাহার আলী ও রফিকুল ইসলাম অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
তোহুর আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে একজন পুলিশ সুপারের নেতৃত্বে শিবগঞ্জ থানার পুলিশ প্রথমবারের মতো গ্রামে এসে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানপাট পরিদর্শন করে। অভিযোগ শুনে লিপিবদ্ধ করে। সেখানে আমার স্বাক্ষর নিয়েছে। সেটা মামলা হিসেবে রেকর্ড হয়েছে কি না, জানি না।’
ক্ষতিগ্রস্তরা জানান, এলাকায় এলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। আসামিরা বুক ফুলিয়েই ঘুরে বেরাচ্ছে। এ জন্য বাকি ক্ষতিগ্রস্তরা মামলা করতে ভয় পাচ্ছেন।
তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, টিকরি গ্রামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে ১৮ জন গ্রেপ্তার হয়েছে। মামলার আসামি জামায়াত-বিএনপির কি না, তা তিনি জানেন না।
আসামি তো গ্রেপ্তার করা হয়েছে—এ তথ্য জানালে আওয়ামী লীগের নেতা তোহুর আহমেদ বলেন, এ এলাকায় পুলিশের কোনো অভিযান তো দেখা যায়নি। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতদের এ মামলার আসামি বলে চালানো হতে পারে। আমাদের ওপর হামলাকারী কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।