গ্রেপ্তার আটজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজারে মো. আরিফ (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতের নির্দেশে তাঁদের রিমান্ডে নেওয়া হয়। পাশাপাশি পলাতক আরেক সন্দেহভাজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার আটজনকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল থেকেই তাঁদের রিমান্ড শুরু হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
গত বুধবার রাতে মগবাজারের চেয়ারম্যান গলিতে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে আরিফের বাবা মো. সেলিম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেছেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে মগবাজারের বিভিন্ন এলাকা থেকে অনিক হাসান, রবিউল হাসান, সান্টু, হাসিবুর রহমান, রাসেল, শাকিল আহমেদ, বিল্লাল হোসেন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়।