মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্কে জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই গতকাল বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেটসহ ১৪ জনের বিরুদ্ধে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জেলা নির্বাচন কর্মকর্তা তারিক আহমেদ বুধবার চারজন ম্যাজিস্ট্রেট ও ১০ জন কর্মচারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে আদালতে এ মামলা করেন।ওই চার ম্যাজিস্ট্রেটের মধ্যে দুজনকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে চারজন কর্মচারীকেও। আগামী রোববার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানা গেছে। মামলায় অভিযুক্ত চার ম্যাজিস্ট্রেট হলেন: এনডিসি ও ম্যাজিস্ট্রেট আসলাম উদ্দিন, আরডিসি ও ম্যাজিস্ট্রেট আবিদিও মার্ডি, ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ ও ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার।