গ্রেপ্তার আতঙ্কে মুক্তাদীর

গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর। গতকাল সোমবার বিকেলে নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন। এ ছাড়া গত রোববার থেকে গতকাল বিকেল পর্যন্ত তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার চেষ্টা করেছে বলেও তিনি অভিযোগ করেছেন। এ অবস্থায় কৌশলে তিনি গ্রেপ্তার এড়িয়েছেন বলেও জানিয়েছেন।
বিকেল পাঁচটায় আয়োজিত এ সংবাদ সস্মেলনে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘পুলিশ আমাকে কয়েক দফায় গ্রেপ্তারের চেষ্টা করেছে। তবে আমার সভা-সমাবেশ ও প্রচারণায় মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় তারা সেটি করতে পারছে না।’ এ সময় তিনি গত কয়েক দিনের ব্যবধানে সিলেট মহানগরের ছয়টি থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি গায়েবি মামলা হয়েছে বলেও জানান। খন্দকার মুক্তাদীর সংবাদ সম্মেলনে গত দুই দিনে গ্রেপ্তার হওয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ জন নেতা-কর্মীর নাম ও পরিচয় উল্লেখ করেন।
বিএনপির প্রার্থী বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, জনবিচ্ছিন্ন এই সরকার ততই বুঝতে পারছে, তাদের পায়ের তলায় মাটি নেই। আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন, জনসমর্থনহীন। নির্বাচনে পরাজয়ের শঙ্কায় প্রশাসনকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। নিশ্চিত পরাজয় জেনে সিলেটে গণগ্রেপ্তার শুরু হয়েছে। এর ফলে আতঙ্কে নেতা-কর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। আওয়ামী লীগ বুঝতে পারছে, ৩০ ডিসেম্বর এই সরকারের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করার প্রত্যাশায় ভোটকেন্দ্রে জনতার ঢেউ নামবে। তাই তারা ভোট ডাকাতির প্রস্তুতি চূড়ান্ত করছে।’
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির নেতা আশরাফ আলী, মাজহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, বিএনপি নেতা আ ফ ম কামাল, আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তৃতায় মুক্তাদীর আরও বলেন, ‘জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচারী কোনো দিনই টিকে থাকতে পারেনি। এবারও পারবে না। যত বাধাই আসুক, আমরা মাঠে থাকব। দলে দলে জনতা ধানের শীষে ভোট দিতে কেন্দ্রে আসবে। জনতার এই বাঁধভাঙা জোয়ারকে প্রতিরোধের শক্তি এই সরকারের নেই।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমার প্রতিটি সেন্টার কমিটির সভার পরপরই পুলিশ ওই এলাকায় হানা দিয়ে কমিটির নেতাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং তাঁদের না পেয়ে ৩০ তারিখ এলাকায় না থাকার জন্য পরিবারকে হুমকি দিয়ে আসছে। অনেককে গ্রেপ্তারও করছে। গত দুই দিনে ৪টি গায়েবি মামলা হয়েছে। সাদাপোশাকে পুলিশ অভিযান চালাচ্ছে।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জেদান আল মুসা প্রথম আলোকে বলেন, ‘বিএনপি প্রার্থীর অভিযোগ সঠিক নয়। তাঁকে গ্রেপ্তারের কোনো চেষ্টাই পুলিশ করেনি। এটি পুরোপুরি রাজনৈতিক বক্তব্য। এ ছাড়া কোনো মানুষকেই অযথা হয়রানি করা হচ্ছে না। এটা পুলিশ করবেও না। কেবল নিয়মিত মামলার অংশ হিসেবে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।’