গ্রেপ্তার-আতঙ্কে শাজাহানপুরের তিন গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার তিনটি গ্রামের পুরুষেরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। বাড়িতে পুরুষ না থাকায় প্রতিটি পরিবারের সদস্যরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া গ্রামের নোমান (৬) নামের এক শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী এলাকার দুজনকে গণপিটুনি দিলে গত ২৮ আগস্ট (অপহরণের ঘটনার ছয় দিন পর) নোমানের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ সময় ওই দুজনকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়।সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে চোপিনগর দক্ষিণপাড়া, ক্ষুদ্র কুষ্টিয়া, বৃৃকুষ্টিয়া গ্রামের অজ্ঞাত পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এ মামলার কারণে ওই তিন গ্রামের পুরুষেরা দুই সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছে। সরেজমিন সোমবার ওই তিন গ্রামের ১০টি পাড়া ঘুরে দেখা গেছে, ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক কাটেনি। অনেক পরিবারের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছে না। এলাকার লোকজন অভিযোগ করেন, কিছু লোক গ্রেপ্তার করা হবে না মর্মে পুলিশের কথা বলে টাকা আদায় করছে। একদিকে টাকা আদায়, অন্যদিকে রাতের আঁধারে পুলিশ বিভিন্ন বাড়িতে গিয়ে গ্রেপ্তারের নামে অভিযান চালাচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের লোকজন জানায়, ঈদের পর থেকে পুলিশ প্রায় রাতেই অভিযান চালাচ্ছে। গত কয়েক দিনে আজাহার, মাহফুজার, সায়েদ আলী, মজিদ, শহিদুল, সামাদসহ বেশ কয়েকজনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তবে বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চোপিনগর দক্ষিণপাড়ার হাবিবুর রহমানের স্ত্রী নাসিমা বলেন, ‘আমার বাড়ির সামনে গন্ডগোল হয়েছে, সে সময় আমরা বাড়িতেই ছিলাম। এখন পুলিশ আমার স্বামীকেও খুঁজছে। ভয়ে আমার স্বামী পালিয়ে বেড়াচ্ছে।’ পুলিশের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার উপপরিদর্শক আবু ওবায়েদ জানান, সংঘর্ষের সময়ের ভিডিওচিত্র দেখে আসামিদের নাম-ঠিকানা যাচাই করার জন্য গ্রামের বিভিন্নজনের বাড়িতে যাওয়া হচ্ছে। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ কিছু মানুষ পালিয়ে থাকার কথা স্বীকার করে বলেন, নিরীহ লোকজনের বাড়ি বাড়ি অভিযান না করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ গ্রামবাসীকে হয়রানি না করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।