গ্রেপ্তার-আতঙ্কে সন্দ্বীপ কলোনি পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গত সোমবার জনতা-পুলিশ সংঘর্ষের পর কলোনিতে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। সোমবার রাতে হাটহাজারী মডেল থানায় পুলিশ অজ্ঞাত পরিচয় এক হাজার ৬০০ জনকে আসামি করে মামলা করে। গ্রেপ্তার এড়াতে কলোনির বাসিন্দারা পালিয়ে বেড়াচ্ছে। কার্যত কলোনি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। সোমবার ভোররাতে কলোনিতে অভিযান চালিয়ে পুলিশ মোহামঞ্চদ বাবুল (২৪), মোহামঞ্চদ রহমান (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত সোমবার আদালতের নির্দেশ মোতাবেক বৈধ মালিককে জায়গার দখল বুঝিয়ে দিতে কলোনিতে পুলিশ উচ্ছেদ অভিযান চালায়। এতে কলোনির বাসিন্দারা বাধা দিলে পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষ বাধে। আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক। এরপরই থানায় মামলা করে পুলিশ। গতকাল মঙ্গলবার সরেজমিনে জানা গেছে, গ্রেপ্তার-আতঙ্কে ভুগছে কলোনির কয়েক হাজার মানুষ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি তাঁদের আতঙ্কের কথা প্রথম আলোকে জানান। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম লিয়াকত আলী বলেন, ‘শান্তিপূর্ণ সমাধান এবং আদালতের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম পরিস্থিতি ও জমির কাগজপত্র যাচাই-বাছাই করতে। কলোনির বাসিন্দারা আমাদের কাগজপত্র দেখালে হয়তো আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতাম। এভাবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে আমরা তা জানতাম না।’