গ্রেপ্তার আতঙ্কে সরাইলের দুই ইউনিয়ন পুরুষশূন্য
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ও কালীকচ্ছ ইউনিয়নবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর দুদিন ধরে পুরুষশূন্য হয়ে পড়েছে ওই দুটি ইউনিয়ন। গ্রেপ্তার এড়াতেই পুরুষেরা গা ঢাকা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা ও উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান কালীকচ্ছ বাজার হয়ে দুটি ইউনিয়ন পরিদর্শন করেন। আবদুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগিরই ব্যাপারটির নিষ্পত্তি করা হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়ন মাইকে ঘোষণা দিয়ে গত রোববার ছয় ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট পুলিশসহ উভয় ইউনিয়নের দুই শতাধিক লোক আহত হয়। এ সময় কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের অন্তত পাঁচটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
এ ঘটনায় পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন। ওই দিন রাতে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দুটি ইউনিয়নের মিলনস্থান কালীকচ্ছ বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। গ্রেপ্তার এড়াতে পুরুষেরা গা ঢাকা দিয়েছেন।
সূর্যকান্দি গ্রামের তাহের মিয়ার বাড়িতে খোঁজ নিতেই এক গৃহবধূ (৪৫) বের হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেডারে পুলিশ ধইরা নিয়া জেলে দিছে। এর ফর তাইনেও (স্বামী) বাড়ি ছাড়ছে।’
কালীকচ্ছ বাজারের জুতা ব্যবসায়ী আকবর আলী (৪৫) বলেন, ‘আমরা অন্য এলাকার বাসিন্দা, তাই দোকানে আসি। কিন্তু কোনো ক্রেতা নেই।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পর্যাপ্ত পুলিশও মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, সরাইলে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর রহমানের (২৫) সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারভেজ মিয়ার (২৫) গত শনিবার দুপুরে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গত শনিবার রাতে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।