গ্রেপ্তার আতঙ্কে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা
চট্টগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। গ্রেপ্তার ও আটক এড়াতে অনেকেই রাত কাটাচ্ছেন আত্মীয়স্বজন ও বন্ধুদের বাসায়।
নেতাদের দাবি, আন্দোলন নস্যাৎ করতে সরকার পুলিশ বাহিনী দিয়ে ধরপাকড় চালাচ্ছে। তবে পুলিশের দাবি, রাজনৈতিক পরিচয়ে কোনো আসামিকে তারা আটক কিংবা গ্রেপ্তার করছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হচ্ছে।
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতার শেষ সময়ে এসে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে শত শত নেতা-কর্মীকে জেলে ঢোকাচ্ছে। একজনকে জেলে ঢোকালে আরও দুজন কর্মী বের হবে মিছিল মিটিং ও আন্দোলনে। সরকারের উচিত আন্দোলন দমাতে নেতা-কর্মীদের গ্রেপ্তার না করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।’
পুলিশ বাহিনীর উদ্দেশে আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যাতে পুলিশ ব্যবহার না হয়। সরকারের নির্দেশমতো মিথ্যা মামলা দিয়ে কোনো নেতা-কর্মীকে আটক কিংবা গ্রেপ্তার না করে।’
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে কোনো ব্যক্তি আসামিকে আমরা আটক, গ্রেপ্তার করছি না। যাঁদের বিরুদ্ধে মামলা কিংবা নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁদের আটক করা হচ্ছে।’
কারা সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম কারাগারে প্রায় ৪৫০ জামায়াত-শিবির কর্মী এবং শতাধিক বিএনপিসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মী আটক রয়েছেন। বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগর ও জেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় শতাধিক ভাঙচুর, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এসব মামলায় সুনির্দিষ্টভাবে কয়েকজনের নাম উল্লেখ থাকলেও অজ্ঞাত পরিচয় শত শত আসামির কথা উল্লেখ রয়েছে।
মহানগর ছাত্রদলের নেতা জসীম চৌধুরী বলেন, ‘রাতে পুলিশি অভিযানের কারণে বাসায় থাকতে পারি না। আমার মতো অনেক নেতা-কর্মী বাসাছাড়া।’ মহানগর যুবদল নেতা কাজী বেলালও একই সুরে বলেন, ‘আন্দোলন দমাতে সরকার বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে। রাতের ঘুম হারাম হয়ে গেছে নেতা-কর্মীদের। পুলিশকে দিয়ে সরকার যত বাধা দিক না কেন আন্দোলন আরও চাঙা হবে।’
এদিকে বায়েজীদ বোস্তামী থানা পুলিশ গত শনিবার রাতে নাশকতা সৃষ্টির অভিযোগে ১৮-দলীয় জোটের সহযোগী লেবার পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলাউদ্দিন আলীসহ পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে। পরদিন রাতে দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মমতাজ হোসেন ও ডবলমুরিং এলাকা থেকে জুয়েল নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। নেতা-কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে জানতে জামায়াতের একাধিক নেতা-কর্মীদের সঙ্গে মুঠোফোনে চেষ্টা করা হলেও কারও সংযোগ পাওয়া যায়নি।