বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচিতে নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে মোট ২০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও সমর্থক। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রাজশাহীর বোয়ালিয়ায় নাশকতার ঘটনায় জড়িত থাকার অপরাধে বিএনপি-জামায়াতের নয়জন নেতা-কর্মীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহী: নির্বাহী হাকিম শেখ শামসুল আরেফিনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাশকতার ঘটনায় জড়িত থাকার অপরাধে জামায়াত-বিএনপির ওই নয় নেতা-কর্মীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন: নগরের বোয়ালিয়া মডেল থানার মেহেরচণ্ডী এলাকার তানজিল, নবাব আলী, ষষ্ঠীতলা এলাকার রবিউল ইসলাম, রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার মিজানুর রহমান, লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার নাইম, রিফাত হোসেন, মতিহার থানার ইমাতপুর এলাকার মফিজুল হক, মিরকামারী এলাকার রবিউল ইসলাম ও রহনপুর এলাকার আলী হোসেন। গতকাল সকালে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান জানান, কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। অন্য দুজন বিএনপির রাজনীতি করেন।
রংপুর: পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে রংপুরে ৪৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে জামায়াতের সাতজন কর্মী-সমর্থক রয়েছেন। অন্য ৩৬ জন বিভিন্ন মামলার আসামি।
সাতক্ষীরা: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ জন কর্মীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বেড়া (পাবনা): সাঁথিয়া উপজেলায় বৃহস্পতিবার বোমা তৈরির সরঞ্জামসহ একরামুল হক নামে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একরামুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও ধুলাউড়ি কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, উপজেলার ধুলাউড়ি বাজারে অবস্থিত সামিট প্রি-ক্যাডেট অ্যান্ড কলেজে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি প্রচারপত্র, বই, সিডিসহ একরামুলকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া (চট্টগ্রাম): বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: উপজেলার সদর ইউনিয়নের ছোট বারদোনা এলাকার মো. নাজিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকার মো. ইউনুচ ও ছদাহা ইউনিয়নের খোদ্দ কেঁওচিয়া এলাকার আবদুল করিম চৌধুরী।
গাইবান্ধা: সাত উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত এগারোটা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফেনী: গতকাল দুপুরে জামায়াতের দুই নেতাসহ চারজনকে আটক করে পুলিশ। ওই দুই নেতা হলেন পৌর জামায়াতের আমির আবদুল হান্নান ও ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আিমর নিজাম উদ্দিন। অন্য দুজন ছাত্রশিবিরের কর্মী।
গাজীপুর: বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরসহ বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, গাজীপুর সিটির ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক আলী আকবর ও জামায়াতের কর্মী হেলাল উদ্দিন এবং যুবদলের কর্মী ইউসুফ আলী।
এ খবরের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, ফজলুল হকের বিরুদ্ধে নাশকতার ঘটনায় তিনটি মামলা রয়েছে।
মানিকগঞ্জ: বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির ১১ কর্মীকে আটক করে পুলিশ। অন্যরা হলেন: মো. গগন, মজিবর রহমান, আফছার হোসেন, মো. রিপন, আবুল কালাম, ইব্রাহিম হোসেন, মো. নাজিমুদ্দিন, আপন মিয়া, আজাদ শেখ ও আবুদল লতিফ।
এ ছাড়া আরও কয়েকটি জেলা থেকে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা; নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; ফেনী অফিস; গাজীপুর প্রতিনিধি; বেড়া (পাবনা) প্রতিনিধি; সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি; মানিকগঞ্জ প্রতিনিধি]