গ্রেপ্তার আরেক জেএমবি সদস্যের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাটে জেএমবির তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জেএমবির আরেক সদস্য দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁর নাম মো. নুর নবী ওরফে রাজু ওরফে কালো মটকু (৩০)। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে জবানবন্দি দেন তিনি।
এর আগে গত রোববার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে নুর নবীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। গত বছরের ৬ অক্টোবর ওই ছিনতাইয়ের মামলায় জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছিল ডিবি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাটে তহবিল সংগ্রহের জন্য ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হন। সেদিন একটি মোটরসাইকেলে করে ছিনতাইকাজে অংশ নেন নুর নবী। ওই ঘটনায় গ্রেপ্তার বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ, মিনহাজুল ইসলাম ওরফে সজীব ও এরশাদ হোসেন ওরফে মামুন আদালতে দেওয়া জবানবন্দিতে নুর নবীর জড়িত থাকার কথা জানিয়েছিল।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, সদরঘাটে ছিনতাইয়ে অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি নুর নবী।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, নুর নবীর জবানবন্দিতে জেএমবির আরও কয়েকজন সদস্যের নাম এসেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।
গ্রেপ্তার নুর নবীর বাবা আবুল কালাম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে জেএমবির সঙ্গে জড়িত কি না, তা তিনি জানেন না। তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।